মো.সাইদুল ইসলাম, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: | বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ | প্রিন্ট | ৩৫৫ বার পঠিত | পড়ুন মিনিটে
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ‘উপজেলা পরিষদ কে.জি স্কুল’ মাঠে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে নিয়মিত চরম দুর্ভোগে পড়তে হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও দৃশ্যমান কোনো সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
বিদ্যালয় সূত্রে জানা যায়, স্কুল মাঠটি সড়কের চেয়ে নিচু হওয়ায় অল্প বৃষ্টিতেই আশেপাশের পানি এসে জমে মাঠে। পানি নিষ্কাশনের কোনো সুসংগঠিত ব্যবস্থা না থাকায় দীর্ঘসময় ধরে মাঠে জমে থাকে পানি। ফলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে যাতায়াতে সমস্যার সম্মুখীন হচ্ছে। অনেক সময় হাঁটু পানি পেরিয়ে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। এ অবস্থায় কেউ কেউ পিছলে কাদাপানিতে পড়ে দুর্ঘটনারও শিকার হচ্ছে।
চলাফেরা ব্যাহত, শিক্ষার পরিবেশ সংকটে
মাঠে পানি জমে থাকার ফলে শিক্ষার্থীদের খেলাধুলা ও শরীরচর্চা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম খালেদুর রহমান জানান, “জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের ইউনিফর্ম ভিজে যায়, অনেকেই ঠাণ্ডা-জ্বরে আক্রান্ত হয়। আবার মাঠে পানি জমে থাকায় সাপ ও পোকামাকড়ের উপদ্রবেও আতঙ্ক বিরাজ করে।”
শিক্ষার্থীরা জানায়, “সামান্য বৃষ্টিতেই আমরা ক্লাসরুম থেকে বের হতে পারি না। মাঠে পানি জমে থাকার কারণে আবদ্ধ পরিবেশে ক্লাস করতে হচ্ছে। আমরা চাই দ্রুত মাটি ভরাট ও ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে মাঠের সংস্কার হোক।”
অভিভাবকরা বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে একই ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। বিষয়টি দুঃখজনক ও শিক্ষাবান্ধব নয়। জলাবদ্ধতার ফলে শিশুরা ক্লাসে মনোযোগ হারাচ্ছে এবং বিদ্যালয়ে পাঠাতে অনীহা প্রকাশ করছেন অনেক অভিভাবক।
এ বিষয়ে জানতে চাইলে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর বলেন, “বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতার বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হবে।”
বিদ্যালয় প্রাঙ্গণের এমন অবস্থা দীর্ঘমেয়াদি শিক্ষা পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সচেতন মহল। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com