মৌলভীবাজার (জেলা) প্রতিনিধি: | শুক্রবার, ১৩ জুন ২০২৫ | প্রিন্ট | ৮১ বার পঠিত | পড়ুন মিনিটে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের গুহরোড এলাকায় ফুটপাত উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসে লাঞ্ছিত হয়েছেন এক সাংবাদিক। অভিযুক্ত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে সংশ্লিষ্ট ঠিকাদার হিসেবে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঘটনার ভিডিও, যা ইতোমধ্যেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। লাঞ্ছিত সাংবাদিকের নাম এসকে দাশ সুমন। তিনি দৈনিক কালবেলা পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি এবং শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সাংগঠনিক সম্পাদক।
প্রকাশ্যে ভাইরাল হওয়া ১৪ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, শহরের গুহরোড এলাকায় ফুটপাতের পুরাতন টাইলস ভেঙে নতুন টাইলস বসানোর কাজ চলছিল। সেখানে উপস্থিত হয়ে সাংবাদিক সুমন সরাসরি ফেসবুক লাইভে এসে কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলেন। ভিডিওতে তাকে কাজের মসলা (সিমেন্ট-বালুর অনুপাত) হাতে নিয়ে দেখাতে দেখা যায় যে, বালুর পরিমাণ অত্যধিক হলেও সিমেন্টের মাত্রা ছিল অস্বাভাবিকভাবে কম।
এ সময় লাইভ চলাকালীন উপস্থিত হন ওই কাজের ঠিকাদার কুতুব উদ্দিন। ভিডিওতে দেখা যায়, তিনি সাংবাদিক সুমনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে ব্যক্তিগতভাবে হেনস্তা করার পাশাপাশি অন্যান্য সাংবাদিকদের নিয়েও অবমাননাকর মন্তব্য করেন। কিছু সময় পর বাকবিতণ্ডার এক পর্যায়ে ঠিকাদার স্থান ত্যাগ করেন।
স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আগের টাইলসগুলো এখনো ভালো অবস্থায় ছিল। অপ্রয়োজনে সেগুলো ভেঙে নতুন করে কাজ করা হচ্ছে এবং কাজে বালুর অনুপাতই বেশি দেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে স্থায়িত্বে প্রভাব ফেলতে পারে।
সাংবাদিক এসকে দাশ সুমন বলেন, “সকাল থেকে স্থানীয়রা ফোন করে কাজে অনিয়মের কথা জানাচ্ছিলেন। আমি ঘটনাস্থলে গিয়ে প্রমাণ রাখার জন্য ফেসবুক লাইভে আসি। তখনই ঠিকাদার এসে আমাকে অকথ্য ভাষায় গালি দিতে থাকে। আমি পুরো কাজ খতিয়ে দেখেছি এবং অনিয়ম স্পষ্ট। আমি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”
এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ঠিকাদার কুতুব উদ্দিন ফোন ধরেননি।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন বলেন, “ফুটপাতের কাজ নিয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com