আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক : | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩৩ বার পঠিত | পড়ুন মিনিটে
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা ধর্মঘট ও সম্ভাব্য অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা ছাত্রদল দলীয় কার্যালয় চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
এসময় মিছিল থেকে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে নানা স্লোগান দেন। মিছিলে জেলা ছাত্রদল, উপজেলা ও পৌর ছাত্রদলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের আহবায়ক শহীদুজ্জামান সরকার শাহীন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমাম হাসান, সদস্য সচিব ওয়ালিদ শাকিল, যুগ্ম আহবায়ক রেজাউল করিম রিমন, সুজন পাটোয়ারী ও খন্দকার রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।
বক্তারা বলেন, ছাত্রলীগের কোনো ধরণের অরাজকতা, নাশকতা ও সাধারণ মানুষের জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা এ দেশের ছাত্রসমাজ এবং জনগণ কোনোভাবেই বরদাস্ত করবে না। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরণের বিশৃঙ্খলা প্রতিরোধে অবিলম্বে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা। বক্তারা সেইসাথে দেশের সার্বিক শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থেকে বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করারও আহ্বান জানান।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com