ফরিদপুর জেলা প্রতিনিধি : | রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৪ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুরের চরভদ্রাসনে বসতবাড়ির বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ শেখ (২৬) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের বিএস ডাঙ্গী গ্রামের হেলিপ্যাড এলাকার সালাম শিকদারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ শেখ উপজেলার গাজীরটেক গ্রামের কবির শেখের ছেলে। তিনি গত প্রায় এক বছর ধরে উত্তর আলমনগর গ্রামে শহিদ শিকদারের বাড়িতে ভাড়া থেকে এলাকায় বিদ্যুতের মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে সালাম শিকদারের বাড়িতে বিদ্যুতের লাইন মেরামতের কাজ করছিলেন পারভেজ। এ সময় বাড়ির বিদ্যুৎ লাইনের একটি উন্মুক্ত তারে অসাবধানতাবশত জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে গুরুতর আহত হন ওই মিস্ত্রি।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মিজানুর রহমান পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনদের মধ্যে শোক ও আহাজারি চলছে বলে জানা গেছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com