চট্টগ্রাম প্রতিনিধি : | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩২ বার পঠিত | পড়ুন মিনিটে
সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের মাধ্যমে দেশের সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা, আইনের শাসন সুসংহতকরণ এবং গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ও নিরপেক্ষ ভুমিকা পালনের আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। ৫ নভেম্বর বৃহস্পতিবার, চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে আয়োজিত “সাংবাদিকদের কল্যাণে করণীয়” শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নৈতিকতা এবং সাংবাদিকদের বিভিন্ন সামাজিক ও আর্থিক সুরক্ষার বিষয়ে প্রতিমন্ত্রী বিশদ আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, সংবাদমাধ্যম হলো জনগণের প্রতিচ্ছবি। তবে অতীতে কিছু ক্ষেত্রে সাংবাদিকতার মূল নীতি থেকে বিচ্যুতির ঘটনা ঘটেছে, যা রাষ্ট্র ও সমাজব্যবস্থার জন্য ক্ষতিকর। ভিত্তিহীন বা উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ ছড়িয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে সর্বস্তরের জনগণ ও দেশ ক্ষতিগ্রস্ত হয়। তাই যেকোনো খবর প্রকাশের পূর্বে তার বস্তুনিষ্ঠতা নিশ্চিত করার অনুরোধ জানান তিনি।
সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা প্রসঙ্গে ব্যারিস্টার মীর হেলাল বলেন, ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও বেতন-ভাতা বৃদ্ধির দাবি অত্যন্ত যুক্তিযুক্ত। তবে এক্ষেত্রে প্রতিষ্ঠানের অর্থনৈতিক সক্ষমতা ও সামগ্রিক জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধির বিষয়টিও সম্পৃক্ত। অর্থনৈতিক গতিশীলতা বাড়লে সংবাদ প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পাবে, যা সাংবাদিকদের জীবনযাত্রার মান উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে। এছাড়া স্থানীয় সাংবাদিকদের আবাসন ও অবকাঠামোগত সুবিধার প্রয়োজনে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বহুতল সম্প্রসারণসহ জমি সংক্রান্ত সহায়তা প্রদান করা হবে বলে আশ্বাস দেন তিনি।
ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী চট্টগ্রাম প্রেস ক্লাব প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং সেখানে তাঁর নামফলক পুনঃস্থাপনের জোর তাগিদ দেন।
শিল্প ও শ্রম খাতের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী জানান, গাজীপুরের শ্রমিকদের ন্যায্য দাবিসমূহ সরকার গুরুত্ব সহকারে গ্রহণ করেছে। তবে আন্দোলনের সুযোগ নিয়ে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী যেন নাশকতার মাধ্যমে দেশের প্রধান রপ্তানি খাতকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে গণমাধ্যমকে সঠিক তথ্য যাচাই-বাছাই করে সংবাদ প্রচারের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে সরকার পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’-এর মাধ্যমে সাংবাদিকদের সার্বিক সহায়তা অব্যাহত থাকবে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল), চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ এবং সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ। এছাড়াও কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ির সাংবাদিক সংগঠনের শীর্ষ নেতারা সভায় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নির্ধারিত অনুদানের চেক বাসস প্রধান কাদের গনি চৌধুরীর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com