মাসুদ রায়হান | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২২ বার পঠিত | পড়ুন মিনিটে
যশোরের মনিরামপুরে নদীর পানিতে বস্তাবন্দি অবস্থায় রঞ্জন মন্ডল (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) উপজেলার মশিয়াহাটীর হেলারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত রঞ্জন মন্ডল কালিচরণপুর গ্রামের মৃত হরিপদ মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কয়েকজন স্থানীয় ব্যক্তি মাছ ধরতে যাওয়ার সময় হেলারঘাট এলাকার রমেশের পাটার কাছে নদীর পানিতে একটি বস্তাবন্দি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন।
খবর পেয়ে মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হককে অবহিত করা হলে তাঁর নির্দেশনায় মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ, নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তাঁরা মরদেহটি উদ্ধার করেন।
উদ্ধারের সময় নিহতের পরনে ছিল কালো রঙের প্যান্ট, হলুদ রঙের শার্ট ও সাদা স্যান্ডো গেঞ্জি। চোখে ছিল পাওয়ার চশমা। শার্টের পকেটে একটি কলম ও ডায়েরি পাওয়া যায়। এ ছাড়া তাঁর ডান হাতে ছিল তামার আংটি এবং পায়ে ছিল চকলেট রঙের স্যান্ডেল।
তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে কিংবা কারা তাঁকে বস্তাবন্দি করে নদীতে ফেলে রেখেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের পাশাপাশি নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com