শফিকুল ইসলাম বাদল | বুধবার, ০১ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৫৪ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়া, ১ জুলাই: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্মাণাধীন ‘এডভোকেট হুমায়ূন কবীর পৌর সুপার মার্কেট’-এর ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম তলার মোট ১৮২টি দোকান বরাদ্দের লটারি কার্যক্রম সম্পন্ন হয়েছে।

বুধবার জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ। লটারি কার্যক্রম পরিচালনা ও সঞ্চালনা করেন পৌরসভার প্রশাসক শরিফুল ইসলাম (উপসচিব) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জহিরুল হক জহির এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমির মো. মোবারক হোসাইন।
এছাড়া জেলা ও পৌরসভার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ব্যবসায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
লটারির মাধ্যমে মার্কেটের ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম তলার মোট ১৮২টি দোকান স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় বরাদ্দ দেওয়া হয়। লটারিতে নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে বিজয়ীদের উচ্ছ্বাস ও আনন্দে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “এই আধুনিক সুপার মার্কেটটি চালু হলে ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে। একই সঙ্গে এটি স্থানীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
লটারিতে অংশ নেওয়া ব্যবসায়ীরা স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় দোকান বরাদ্দ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি ধন্যবাদ জানান।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com