আনোয়ার হোসেন, | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৭ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের মধ্য হাটবামুনী গ্রামে চাঁদা দাবিতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় মূল প্রতিপক্ষকে আইনগতভাবে কোণঠাসা ও ঘায়েল করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পারিবারিক শত্রুতা ও জমি-জমা মামলা সংক্রান্ত মনো-মালিন্যের জেরে স্কুল শিক্ষক আলতাব হোসেনসহ তার অপর দুই সহোদরকে আসামিভুক্ত করা হয়েছে। এমন ঘটনায় স্থানীয় সচেতন মহল ও সাধারণ বাসিন্দাদের মধ্যে সৃষ্টি হয়েছে চরম অসন্তোষ ও তীব্র বিতর্ক।
মামলা সুত্রে জানা যায়, মধ্য হাটবামুনী গ্রামের বাসিন্দা মৃত ফারাজ উদ্দিনের পুত্র আজগার আলীর ভোগদখলীয় হাটবামুনী মৌজার জেএল নং ৯, সি/এস খতিয়ান নং ২৯৩/৪০০, আর/এস খতিয়ান নং ৫৫৩, দাগ নং ১৭৪৩ এর ৮৯ শতাংশ জমি নিয়ে একই গ্রামের প্রতিপক্ষ মৃত পরবাসুর পুত্র আনোয়ার হোসেনগং এর সাথে আদালতে মামলা মোকদ্দমা চলে আসছে। এর জের ধরে গত ০৪-০৯-২০২৬ ইং তারিখে চাঁদা দাবি করে বসতবাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুরসহ লুটপাটের অভিযোগ এনে ভুক্তভোগী আজগার আলী গত ১৯-০৯-২০২৬ তারিখে প্রতিপক্ষ আনোয়ার হোসেনসহ ১১ জনের নামে একটি মামলা (নং ২৬/২৭৬) দায়ের করেন।
এই মামলার অন্যতম আসামি আলতাব হোসেন তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, “বিতর্কিত জমির মূল বিরোধটি আজগর আলীর সাথে আনোয়ার হোসেন এবং অপর সহোদর ভাই দুলা মিয়া ও জাহাঙ্গীরের। মামলার বাদী এবং আমরা সম্পর্কে আপন চাচাতো জ্যাঠাতো ভাই। পৈত্রিক জমি-জমা নিয়ে তাদের সাথে আমাদের বিরোধ চলছে। এই সংক্রান্ত বিষয়ে গাইবান্ধা বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতে ১৮২/২০২১ এবং ৩০২/২০২১ নম্বরের দু’টি মামলা চলমান আছে। এর জের ধরে আমাদের উপর প্রতিশোধ নিতে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকেসহ আমার স্ত্রী স্মৃতি বেগম, সহোদর ভাই আনিছুর রহমান ও আতাউর রহমানকে আসামি করা হয়েছে। যাতে আমরা সামাজিক ও আর্থিকভাবে ধ্বংস হয়ে যাই। আমরা প্রশাসনের কাছে এই মামলার নিরপেক্ষ তদন্ত এবং এই হয়রানি থেকে মুক্তির দাবি জানাচ্ছি।”
আলতাব হোসেনের অভিযোগ মিথ্যা ভিত্তীহীন দাবি করে মামলার বাদী আজগার আলী জানান, “চাঁদা দাবিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিপক্ষ আনোয়ার হোসেনগং এর সাথে আলতাব হোসেনরা জড়িত। তাদের সাথে সহযোগীতা রয়েছে বিধায় মামলায় আসামিভুক্ত করা হয়েছে।
এই মামলার বিবরণী ও অভিযুক্তদের তালিকা প্রকাশ্যে আসার পর থেকেই মধ্য হাটবামুনীসহ আশেপাশের এলাকায় চলছে চুলচেরা বিশ্লেষণ। সর্বত্র এখন একটাই আলোচনা—আসলেই কি আলতাব হোসেনরা
চাঁদা দাবিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট ঘটনার সাথে জড়িত, নাকি পৈত্রিক জমি-জমা নিয়ে বিরোধে শত্রুতা হাসিলের চেষ্টা?
স্থানীয়দের মধ্যে অনেকেই বলাবলি করছেন, মামলার বাদী আজগার আলী এবং নতুন করে আসামি হওয়া আলতাব হোসেনসহ তিন সহোদর ভাই সম্পর্কে আপন চাচাতো-জ্যাঠাতো ভাই। তাদের নিজেদের মধ্যে পৈত্রিক জমি নিয়ে আগে থেকেই আদালতে দু’টি মামলা বিচারাধীন রয়েছে। এই তথ্যটি মামলার নেপথ্য উদ্দেশ্যকে পরিষ্কার করে দেয়। যখন দুই পক্ষের মধ্যে পূর্বশত্রুতা ও আইনি লড়াই বিদ্যমান থাকে, তখন এক পক্ষ কর্তৃক অন্য পক্ষকে ভিন্ন একটি মামলায় জড়ানোর চেষ্টা আইনি অধিকার আদায়ের চেয়ে ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার প্রবণতাকেই বেশি নির্দেশ করে। আলতাফ হোসেন স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার পেশাগত সততা, ন্যায়পরায়ণতা, এবং এলাকাবাসীর প্রতি দায়িত্বশীলতা ও শ্রদ্ধার এক সমষ্টি। তিনি ও তার পরিবার দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করছেন। তারা যদি প্রকৃতপক্ষেই চাঁদাবাজির মতো অপরাধের সাথে যুক্ত থাকতেন, তবে সমাজে বা এলাকায় তাদের বিরুদ্ধে আগে থেকেই কোনো না কোনো অভিযোগ, ক্ষোভ বা সালিশ-বৈঠকের রেকর্ড থাকত। যেহেতু দীর্ঘ সময়েও স্থানীয় কোনো ব্যক্তি বা প্রশাসনের কাছে তাদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগের নজির নেই, সেহেতু এটি প্রমাণিত হয় “ভাই হয়ে ভাইয়ের কাছে চাঁদা দাবি”—এই ধারণাটি সমাজ ও সম্পর্কের স্বাভাবিক নিয়মের পরিপন্থী। মামলার আরজি অনুযায়ী, কথিত ঘটনাটি একটি জনাকীর্ণ এলাকার বসতবাড়িতে ঘটেছে। এই ঘটনার গুরুতর অপরাধের সাথে যদি
আলতাব হোসেনরা জড়িত থাকে, তবে স্বাভাবিক নিয়মেই ঘটনাস্থলের আশেপাশের প্রতিবেশী, পথচারী বা স্থানীয় লোকজনের তা দেখার এবং জানার কথা। সেখানে মামলার বাদী আজগার আলীর অত্যন্ত ঘনিষ্ঠ এবং রক্তের সম্পর্কের লোকজনকে সাক্ষী হিসেবে দাঁড় করানোর বিষয়টি কেবল রহস্যজনকই নয়, বরং আইন ও সাধারণ বিবেচনার চোখে অত্যন্ত হাস্যকর এবং উদ্দেশ্যপ্রণোদিত।
“মধ্য হাটবামুনীর চাঞ্চল্যকর এই ঘটনাটিতে আলতাব হোসেনরা কি আসলেই চাঁদা দাবির জেরে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের সাথে জড়িত, নাকি আজগার আলীর সাথে পৈত্রিক জমিজমা নিয়ে দীর্ঘদিনের প্রতিহিংসার জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে—তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। স্থানীয় সাধারণ মানুষের মতে, পুলিশ প্রশাসন যদি তৎপর হয়ে একটি সুনির্দিষ্ট ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে, তবেই এই ঘটনার নেপথ্য রহস্য উন্মোচিত হবে। এর মাধ্যমেই কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা সম্ভব বলে মনে করছেন সচেতন এলাকাবাসী।”
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com