আফজালুর রহমান আবির | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৩১ বার পঠিত | পড়ুন মিনিটে
“মায়ের জানাজায় অংশ নিতে পারিনি। বড় ভাই, ছোট ভাই, এমনকি ভাতিজার জানাজাতেও যেতে পারিনি। ১৯৭১ সালে আমার বয়স ছিল মাত্র ৯ বছর। সেই বয়সে কীভাবে যুদ্ধাপরাধের মতো অপরাধে জড়িত থাকা সম্ভব? মিথ্যা অভিযোগের বোঝা মাথায় নিয়ে ১০ বছর ধরে আত্মগোপনে জীবন কাটাচ্ছি। জীবনের শেষ সময়ে এসে এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি চাই।”
আবেগঘন কণ্ঠে কথাগুলো বলছিলেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সাইদুর রহমান রতন। দীর্ঘ প্রায় এক দশক ধরে আত্মগোপনে থাকা এই রাজনীতিক সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিজের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ পুনঃতদন্ত ও ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন।
সাইদুর রহমান রতনের রাজনৈতিক পথচলা শুরু ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৮১-৮২ মেয়াদে ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজ ছাত্র সংসদ (আমুসু) নির্বাচনে ছাত্রদল প্যানেল থেকে সামাজিক অনুষ্ঠান সম্পাদক পদে নির্বাচিত হন তিনি।
পরবর্তী সময়ে তিনি ত্রিশাল থানা বিএনপির সহসভাপতি, ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য এবং কানিহারী ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি দুইবার কানিহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার অভিযোগ
সাইদুর রহমান রতনের অভিযোগ, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি ও তাঁর পরিবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। তাঁর দাবি, পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে মামলা, হামলা ও হয়রানির ঘটনা ঘটেছে।
বর্তমানে তাঁর বড় ছেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি এবং ছোট ছেলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন বলে তিনি জানান।
রতনের ভাষ্য অনুযায়ী, ২০১৪ সালে তাঁর বড় ভাই সাবেক সংসদ সদস্য আনিসুর রহমান মানিক (কাজী জাফর আহমেদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি) বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটে যোগ দেওয়ার পর তাঁদের পরিবারের ওপর রাজনৈতিক চাপ আরও বেড়ে যায়। এর পরপরই তাঁদের তিন ভাইয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা করা হয় বলে দাবি করেন তিনি।
১৯৭১ সালে বয়স ছিল মাত্র ৯ বছর
সাইদুর রহমান রতনের আবেদনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় তাঁর জন্মতারিখ ও মুক্তিযুদ্ধকালীন বয়স। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র ও দাপ্তরিক নথিতে তাঁর জন্মতারিখ ১৫ সেপ্টেম্বর ১৯৬১। সে হিসাবে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তাঁর বয়স ছিল ৯ থেকে ১০ বছরের মধ্যে।
রতনের প্রশ্ন, শৈশবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তি কী? তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে।
নির্বাচন ঘিরে হামলা ও হয়রানির অভিযোগ
২০১৬ সালের কানিহারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন বলে দাবি করেন রতন। তবে তাঁর অভিযোগ, তৎকালীন প্রশাসন তাঁকে দায়িত্ব গ্রহণের সুযোগ দেয়নি।
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের দিন তাঁর ছোট ভাই শফিকুর রহমান স্বপনের ওপর হামলা চালানো হয়। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। একই সময়ে তাঁদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে এবং পরিবারের সম্পদ লুট করা হয় বলেও দাবি করেন তিনি।
এদিকে, তাঁর মেজো ভাই মুখলেছুর রহমান (মুকুল সরকার), যিনি ত্রিশাল থানা কৃষক দলের সহসভাপতি ছিলেন, সংশ্লিষ্ট মামলার অন্যতম আসামি ছিলেন বলে জানান রতন। তাঁর দাবি, গত ২৭ অক্টোবর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় তাঁর ভাইয়ের মৃত্যু হয়। ভাইয়ের মৃত্যুর পরও তিনি শেষবারের মতো তাঁকে দেখতে যেতে পারেননি বলে আক্ষেপ করেন।
স্বজনদের শেষ বিদায়েও থাকতে পারেননি
দীর্ঘ ১০ বছরের আত্মগোপনজীবনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে সাইদুর রহমান রতন বলেন, এই সময়ে তিনি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পারিবারিক মুহূর্তগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। মায়ের মৃত্যু, ভাইদের মৃত্যু এবং ভাতিজার শেষ বিদায়—কোনো অনুষ্ঠানেই উপস্থিত থাকতে পারেননি তিনি।
রতনের ভাষায়, “আমি এমন একজন সন্তান, যিনি বেঁচে থেকেও নিজের মায়ের জানাজায় অংশ নিতে পারেননি। পরিবারের একের পর এক মানুষের শেষ বিদায়ে পাশে থাকতে না পারার কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। একজন মানুষ আর কতটা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে?”
প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচারের আবেদন
জীবনের শেষ সময়ে এসে সাইদুর রহমান রতনের প্রত্যাশা, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু পুনঃতদন্ত হবে। একই সঙ্গে তিনি নিজের অবস্থান তুলে ধরার এবং ন্যায়বিচার পাওয়ার সুযোগ চান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে পাঠানো আবেদনে তিনি বলেন, ১৯৭১ সালে তাঁর বয়স ও তৎকালীন বাস্তবতা বিবেচনায় নিয়ে অভিযোগগুলোর যথাযথ তদন্ত করা প্রয়োজন। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে ন্যায়বিচার নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।
পরিবার-পরিজন ও নিজ এলাকার মানুষের কাছে ফিরে স্বাভাবিক ও সম্মানজনক জীবনযাপন করাই এখন তাঁর একমাত্র প্রত্যাশা। দীর্ঘদিনের আত্মগোপনজীবনের অবসান ঘটিয়ে জীবনের শেষ দিনগুলো আপনজনদের সঙ্গে কাটাতে চান সাবেক এই জনপ্রতিনিধি।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com