নাজমুল হাসান। | বুধবার, ২৯ জুলাই ২০২৬ | প্রিন্ট | ২৭৩ বার পঠিত | পড়ুন মিনিটে
কুমিল্লার দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, সঠিক মূল্য তালিকা না রাখা, খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ৮টি মামলায় মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে নিউ মার্কেট এলাকার কাঁচাবাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও সঠিক মূল্য তালিকা না রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় কাঁচাবাজারের ব্যবসায়ী কালী প্রশাদ সাহাকে ৩ হাজার টাকা, মামুনকে ২ হাজার টাকা, মো. ইকবাল হোসেনকে ২ হাজার টাকা এবং জালালকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চান্দিনা রোডের মুরগি ব্যবসায়ী মামুনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, চান্দিনা রোডে অবস্থিত লাইভ বেকারিতে তৈরি খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় বেকারির ম্যানেজার আসাদুজ্জামানকে ৫ হাজার টাকা এবং সজিবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ‘মা বাবার দোয়া হোটেল’-এর মালিক আবুল বাশারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৮টি মামলায় সর্বমোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com