শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অষ্ট্রেলিয়ার সিডনিতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ১৮তম হোয়াইট রিবন সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অষ্ট্রেলিয়ার সিডনিতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ১৮তম হোয়াইট রিবন সেমিনার অনুষ্ঠিত

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, পারিবারিক সহিংসতা বন্ধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অস্ট্রেলিয়ার সিডনিতে ১৮তম হোয়াইট রিবন অনুষ্ঠান ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২২ নভেম্বর (রবিবার) সন্ধ্যায় লাকেম্বার ধানসিঁড়ি রেস্টুরেন্টের হলরুমে নবধারা অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, কমিউনিটি নেতা, সাংবাদিক, পেশাজীবী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

নবধারা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও হোয়াইট রিবন অ্যাম্বাসেডর আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থাপনা করেন নাসিম সামাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কার্ল সালেহ।

অনুষ্ঠানে বক্তব্য দেন নিউ সাউথ ওয়েলস সরকারের ডিপার্টমেন্ট অব কমিউনিটিজ অ্যান্ড জাস্টিসের মাল্টিকালচারাল পলিসি অ্যান্ড এনগেজমেন্ট বিভাগের কমিউনিটি লিয়াজোঁ অফিসার ডেলাইলা শিনকো, মাল্টিকালচারাল কমিউনিটি ওয়ার্কার ও নবধারা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা রোজানা হাসান, সাবেক কাউন্সিলর শাহাদাৎ হোসাইন চৌধুরী ও রাজ দত্ত এবং লেবানিজ কমিউনিটি নেতা টনি মোবারক।

এ ছাড়া বক্তব্য দেন রিলায়েবল কলেজ অব নার্সিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ আবদুল মতিন, সাংবাদিক আতাউর রহমান, মাসুম বিল্লাহ ও মোহাম্মাদ জসিম উদ্দিন, রেজিস্টার্ড নার্স সুফিয়া কোরাশী এবং মোহাম্মাদ আলী সিকদার।

বক্তারা নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; প্রয়োজন সামাজিক সচেতনতা, পারিবারিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহিংসতার বিরুদ্ধে সম্মিলিত অবস্থান। বিশেষ করে পারিবারিক সহিংসতা ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং তাঁদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তাঁরা।

বক্তারা আরও বলেন, বহুজাতিক ও বহুসাংস্কৃতিক অস্ট্রেলীয় সমাজে ভাষা, সংস্কৃতি ও সামাজিক পটভূমির বৈচিত্র্য বিবেচনায় নিয়ে নারী ও শিশু সুরক্ষাবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন। এ ধরনের আয়োজন বিভিন্ন কমিউনিটির মধ্যে পারস্পরিক সংলাপ, সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে নবধারা অ্যাসোসিয়েশনের সদস্য, স্বেচ্ছাসেবক এবং বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নবধারা অ্যাসোসিয়েশন গত ১০ বছর ধরে ধারাবাহিকভাবে হোয়াইট রিবন কর্মসূচির আওতায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক এ আয়োজন করে আসছে। সংগঠনের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাংলাদেশি কমিউনিটির প্রথম হোয়াইট রিবন অ্যাম্বাসেডর হিসেবে পরিচিত। তাঁর উদ্যোগ ও নেতৃত্বে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে এ সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত আয়োজন করা হচ্ছে।

অনুষ্ঠানের সভাপতি আবুল কালাম আজাদ আয়োজনে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য অতিথি, বক্তা, সংগঠনের সদস্য এবং স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নারী ও শিশুদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সহিংসতামুক্ত সমাজ প্রতিষ্ঠায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, হোয়াইট রিবন একটি আন্তর্জাতিক সচেতনতামূলক আন্দোলন। নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে বিশেষ করে পুরুষদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করা এবং সম্মান, সমতা ও নিরাপত্তাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে উৎসাহিত করাই এ আন্দোলনের অন্যতম লক্ষ্য।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com