শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অপরিকল্পিত সেতু-কালভার্টে অস্তিত্ব সংকটে নবীনগরের নদী-খাল, বাধাগ্রস্ত পানির স্বাভাবিক প্রবাহ

শফিকুল ইসলাম বাদল  (ব্রাহ্মণবাড়িয়া)জেলা প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অপরিকল্পিত সেতু-কালভার্টে অস্তিত্ব সংকটে নবীনগরের নদী-খাল, বাধাগ্রস্ত পানির স্বাভাবিক প্রবাহ

নদী-নালা, খাল-বিল ও জলাশয়ে ঘেরা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা। মেঘনা, তিতাস, বুড়ি, পাগলা ও আউলিয়াজুরীসহ অসংখ্য ছোট-বড় নদী ও উপনদী জালের মতো ছড়িয়ে রয়েছে এ জনপদজুড়ে। একসময় এসব নদী ও খালই ছিল নবীনগরের মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম। নৌকাই ছিল যাতায়াত ও পণ্য পরিবহনের অন্যতম ভরসা। কিন্তু সময়ের পরিবর্তনে সড়ক যোগাযোগের উন্নয়ন ঘটলেও ধীরে ধীরে গুরুত্ব হারিয়েছে নৌপথ। পাশাপাশি অপরিকল্পিত সেতু ও কালভার্ট নির্মাণ, পলি জমা এবং দখল-দূষণের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে উপজেলার অসংখ্য নদী ও খাল।

স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগরে ছোট-বড় অসংখ্য খাল ও প্রাকৃতিক জলাশয় রয়েছে। এর মধ্যে যমুনার খাল, কুরানিয়ার খালসহ বিভিন্ন খাল একসময় পানি নিষ্কাশন ও প্রাকৃতিক মাছের অন্যতম অভয়ারণ্য হিসেবে পরিচিত ছিল। জেলা প্রশাসনের চিহ্নিত ৪০০টি খালের তালিকায় নবীনগরের উল্লেখযোগ্যসংখ্যক খাল রয়েছে বলে জানা গেছে। তবে উপজেলায় সরকারি পর্যায়ে নদী, খাল ও বিলের পৃথক পূর্ণাঙ্গ তালিকা না থাকায় প্রকৃত সংখ্যা নির্ধারণ করা কঠিন।
একসময় নবীনগর উপজেলায় নৌপথের মোট দৈর্ঘ্য ছিল প্রায় ১৩৮ দশমিক ৯ কিলোমিটার বা ৭৫ নটিক্যাল মাইল। কিন্তু বর্তমানে নৌপথের সেই বিস্তৃতি অনেকটাই কাগজে-কলমে সীমাবদ্ধ। বাস্তবে অধিকাংশ নৌপথ সংকুচিত হয়ে পড়েছে। কোথাও পলি জমে ভরাট হয়েছে, কোথাও আবার পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে নৌচলাচলের অনুপযোগী হয়ে উঠেছে।উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের বৌধূন্তি নদী, পৌরসভার আলমনগরের ভাটা নদী, মাঝিকাড়া ও আলিয়াবাদ খাল, ইব্রাহিমপুর ইউনিয়নের পেরা খাল ও যোগীদারা খাল, গোপালপুরের পশ্চিম-দক্ষিণের যমুনা খাল, মানিকনগর বাজারসংলগ্ন শ্যামগ্রাম খাল, রতনপুর খাল, শাহপুর খাল, ভাঙ্গরা বাজার থেকে সাতমোড়া পর্যন্ত অধের নদী, কাইতলা খাল ও মেরকোটা খালসহ অর্ধশতাধিক খাল ও ছোট নদীর ওপর অপরিকল্পিতভাবে সেতু ও কালভার্ট নির্মাণের অভিযোগ রয়েছে।স্থানীয়দের অভিযোগ, অনেক ক্ষেত্রে সরকারি নিয়মনীতি ও প্রয়োজনীয় কারিগরি সমীক্ষা যথাযথভাবে অনুসরণ না করেই এসব সেতু ও কালভার্ট নির্মাণ করা হয়েছে। ফলে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পানি ও পলি জমে খাল-নদীর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে। অনেক খালে সারা বছর পানি থাকে না। এমনকি বর্ষাকালেও কোথাও কোথাও নৌকা চলাচলে বিঘ্ন ঘটে।
বিশেষজ্ঞদের মতে, কোনো নদী বা খালের ওপর সেতু কিংবা কালভার্ট নির্মাণের আগে পানিপ্রবাহ, নৌযান চলাচল, পানিনিষ্কাশন ব্যবস্থা এবং পরিবেশগত প্রভাব বিবেচনায় নেওয়া জরুরি। এ ক্ষেত্রে সম্ভাব্যতা সমীক্ষা (Feasibility Study) ও প্রয়োজনীয় কারিগরি নীতিমালা অনুসরণ না করলে দীর্ঘমেয়াদে জলাবদ্ধতা, নাব্যতা সংকট এবং পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়। বিশেষ করে অপরিকল্পিত কালভার্ট পানির প্রবাহে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।
একসময় নবীনগর উপজেলার চারদিকে যে বৃত্তাকার নৌপথ ছিল, তা এখন প্রায় বিলুপ্তির পথে। নদী ও খালগুলোর এমন করুণ অবস্থায় স্থানীয় কৃষি, মৎস্যসম্পদ, পানি নিষ্কাশন এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। প্রাকৃতিক মাছের বিচরণক্ষেত্র সংকুচিত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় জেলেসহ নদীনির্ভর মানুষ।
এ বিষয়ে সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল বলেন, “কালীগঞ্জ থেকে শুরু হয়ে ভাঙ্গরা বাজার হয়ে মেঘনা নদী পর্যন্ত অধের খাল ২০২৪ সালে নদী হিসেবে স্বীকৃতি পেয়েছে। অথচ টানচরা ও রাজাবাড়ী বরাবর অধের খালের ওপর সরকারি নিয়মনীতি উপেক্ষা করে কালভার্ট নির্মাণ করা হয়েছে। এতে নৌকা চলাচলে বিঘ্ন ঘটছে এবং নাব্যতা সংকট দেখা দিচ্ছে। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন।”
সচেতন মহলের মতে, নবীনগরের নদী ও খাল রক্ষায় এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। অপরিকল্পিত সেতু-কালভার্ট নির্মাণ বন্ধ, বিদ্যমান স্থাপনাগুলোর কারিগরি পর্যালোচনা, প্রয়োজন অনুযায়ী পানি চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করা এবং দখল-দূষণমুক্ত করে খননের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি উপজেলার সব নদী, খাল ও বিলের পূর্ণাঙ্গ সরকারি তালিকা তৈরি করে সীমানা নির্ধারণ ও সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

নবীনগরের নদী-খাল শুধু পানির প্রবাহের পথ নয়; এগুলো এ জনপদের ইতিহাস, ঐতিহ্য, কৃষি, মৎস্যসম্পদ ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। তাই অপরিকল্পিত উন্নয়নের চাপে এসব প্রাকৃতিক জলপথকে হারিয়ে যেতে না দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করাই এখন সময়ের দাবি

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com