নিজস্ব প্রতিবেদক | শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১৮ বার পঠিত | পড়ুন মিনিটে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ডাউকি নদীতে বালু উত্তোলন করতে গিয়ে মাটিচাপা পড়ে বারেক মিয়া (৪৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার নয়াবস্তি এলাকায় ডাউকি নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বারেক মিয়া গোয়াইনঘাট উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ হাওর (বাংলাবাজার) এলাকার জংসের মিয়ার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালেও জীবিকার তাগিদে ডাউকি নদীতে বালু উত্তোলনের কাজে যান বারেক মিয়া। কাজ করার একপর্যায়ে নদীর প্রায় ১৫ হাত পানির নিচে থাকা মাটির স্তূপ আকস্মিকভাবে ধসে পড়ে। এতে তিনি মাটির নিচে চাপা পড়ে নিখোঁজ হন। পরে স্থানীয় শ্রমিক ও উদ্ধারকারীরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন নিহতের স্বজনরা। জীবিকার তাগিদে নদীতে বালু উত্তোলন করতে গিয়ে এমন মর্মান্তিক প্রাণহানির ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। পাশাপাশি পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com