শফিকুল ইসলাম বাদল | সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১০ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোপালপুর গ্রামে গরু ও মাছের খামারি আব্দুল হান্নানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার কয়েকজন কিশোরের বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন—মহিদুল, ইমন, জাবেদ, অভি দাস, বায়জিদ ও পলাশ। এ ঘটনায় গত ৩১ অক্টোবর আব্দুল হান্নান বাদী হয়ে অভিযুক্তদের নাম উল্লেখ করে নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, অভিযুক্ত কিশোরদের বিরুদ্ধে আব্দুল হান্নানসহ একই মহল্লার একাধিক পরিবারের ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা এগিয়ে এসে বিভিন্ন সময়ে নিজেদের বাড়িতে চুরির ঘটনার বর্ণনা দেন। তাঁদের অভিযোগ, বাড়ির গাছের কলা, ঘরের আসবাবপত্র থেকে শুরু করে মাছের প্রজেক্টের মাছ পর্যন্ত চুরি হয়েছে।ভুক্তভোগী আব্দুল হান্নান জানান, তাঁর নিজস্ব গরুর খামার ও মাছের প্রজেক্ট রয়েছে। অভিযুক্তরা তাঁকে খামার ও মাছের প্রজেক্ট পরিচালনা করতে দেবে না বলে বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছে। বিষয়টি তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরও অবহিত করেছেন।
তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি স্থানীয়দের জানানোর পরদিন গোপালপুর দাসপাড়া ব্রিজের ওপর তাঁর ভাই ও চাচাতো ভাইকে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তাঁদের ওপর লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাতসহ কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। আহতরা বর্তমানে নবীনগর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।অভিযুক্ত মহিদুলের বাবা জহিরুল ইসলাম মারামারির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “আমার ছেলের বয়স কম, এখনো ১৮ বছর হয়নি। খামারের ভেতর থেকে কলা চুরি হওয়া নিয়ে একটি ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি দ্রুত মীমাংসার চেষ্টা করছি।”
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, “এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”স্থানীয়দের অভিযোগ, এলাকায় চুরি ও কিশোরদের নানা কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ বাড়ছে। তাঁরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com