শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রংপুরে ৪ হত্যার নতুন তথ্য দিল ফরেনসিক বিভাগ

আনোয়ার হোসেন   |   সোমবার, ২৪ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৩৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রংপুরে ৪ হত্যার নতুন তথ্য দিল ফরেনসিক বিভাগ

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্যকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে ফরেনসিক বিভাগ। তবে লাশের মুখমণ্ডল বিকৃত থাকলেও সেখানে অ্যাসিড বা অন্য কোনো রাসায়নিক পদার্থ ব্যবহারের আলামত পাওয়া যায়নি।

রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. বাবলু কিশোর বিশ্বাস এই তথ্য জানান।

ডা. বাবলু কিশোর বিশ্বাস গণমাধ্যমকে বলেন, “প্রাথমিকভাবে চারজনকেই শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে। নিহতদের মুখমণ্ডল বিকৃত হওয়ার প্রধান কারণ ছিল দীর্ঘ সময় পড়ে থাকায় পচন ধরা। পুলিশের প্রাথমিক ধারণায় অ্যাসিডের কথা এলেও আমরা তেমন কিছু পাইনি।” তিনি আরও জানান, নিহত মেয়ে প্রার্থী চক্রবর্তীর চোয়াল ভাঙার কোনো আলামতও পাওয়া যায়নি। চূড়ান্ত প্রতিবেদনের জন্য সংগৃহীত নমুনা সিআইডির ল্যাবে পাঠানো হবে।

রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন। পুলিশের দাবি, হত্যাকাণ্ডের মূল কারণ ছিল মাদক সেবনে বাধা দেওয়া এবং চিনে ফেলার আতঙ্ক।

পুলিশের ভাষ্যমতে, প্রতিবেশী দুই যুবক মুগ্ধ ও সিদ্ধার্থ গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে উঠে মাদক সেবন করছিলেন। শিক্ষক গণপতি তাদের দেখে বকাঝকা করলে তারা তাকে হত্যার পরিকল্পনা করে। গামছা দিয়ে তাকে শ্বাসরোধ করার সময় চিৎকার শুনে এগিয়ে এলে তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে প্রার্থী এবং ছোট ছেলে আয়ুশ চক্রবর্তীকেও একে একে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ১২ বছর বয়সী আয়ুশ খুনিদের চিনে ফেলায় তাকে কোনোভাবেই জীবিত না রাখার সিদ্ধান্ত নেয় তারা।

তদন্তে বেরিয়ে এসেছে এক রোমহর্ষক তথ্য। চারজনকে হত্যার পর দুই খুনি ওই বাড়ির বাথরুমে গোসল করে এবং পুনরায় মাদক সেবন করে। এরপর আলমারি ভেঙে স্বর্ণালংকার লুট করে। খুনিদের একজন সোনার দোকানে কাজ করায় তারা সেখানেই আগুন দিয়ে পরীক্ষা করে আসল সোনা নিশ্চিত করে নেয়। বের হওয়ার আগে তারা ডাইনিং টেবিল থেকে খেজুর এবং ফ্রিজ থেকে শসা বের করে খেয়েছিল বলেও পুলিশ জানিয়েছে। শুক্রবার জুমার নামাজের সময় আশপাশের মানুষ যখন মসজিদে ছিল, তখন তারা পাশের বাড়ির ছাদ দিয়ে পালিয়ে যায়।

শনিবার রাতে মরদেহগুলো উদ্ধারের পর রোববার ভোরেই মুগ্ধ ও সিদ্ধার্থকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ফরেনসিক বিভাগের দেওয়া নতুন তথ্য এবং পুলিশের বর্ণনার মধ্যে কিছু পার্থক্য থাকায় এখন সিআইডির ল্যাব প্রতিবেদনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন তদন্তকারী কর্মকর্তারা। তবে প্রাথমিকভাবে মাদকাসক্ত দুই যুবকের হাতেই এই নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com