সুজন আলী | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৪০৮ বার পঠিত | পড়ুন মিনিটে
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ইশরাত জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রূপম চন্দ্র মহন্ত, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নুর নবী, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান বকুল মজুমদার, মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, সদস্য সচিব আনার কলি, ইএসডিও প্রতিনিধি শরিফুল ইসলাম, রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন)-এর সভাপতি শফিকুল ইসলাম শিল্পী এবং তথ্য আপা হালিমা আক্তার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিয়ে প্রতিরোধ, শিশুর স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষার সুযোগ বৃদ্ধি, নিরাপদ বাসস্থান ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা জরুরি। পাশাপাশি শিশুর প্রতি সব ধরনের নির্যাতন প্রতিরোধে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বক্তারা কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ এবং তাদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com