শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ডিসি জাহিদের উদ্যোগের প্রশংসা ফরেন সার্ভিস একাডেমির ডিজির, প্রবাসীদের সেবা উন্নয়নে কূটনৈতিক মিশন ও জেলা প্রশাসনের মধ্যে জোরালো সমন্বয়ের আহ্বান

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডিসি জাহিদের উদ্যোগের প্রশংসা ফরেন সার্ভিস একাডেমির ডিজির, প্রবাসীদের সেবা উন্নয়নে কূটনৈতিক মিশন ও জেলা প্রশাসনের মধ্যে জোরালো সমন্বয়ের আহ্বান

 

ফরেন সার্ভিস একাডেমির মহাপরিচালক (একাডেমিক) সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্ভাবনী জনসেবামূলক উদ্যোগের প্রশংসা করেছেন। নাগরিকদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপকে তিনি অংশগ্রহণমূলক শাসনব্যবস্থার একটি দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেন।

একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের সেবা উন্নয়নে বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন ও জেলা প্রশাসনের মধ্যে আরও নিবিড় সমন্বয়ের আহ্বান জানান তিনি।

সোমবার ফরেন সার্ভিস একাডেমির তরুণ কূটনীতিকদের একটি প্রতিনিধিদল নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

আশরাফুর রহমান বলেন, “পররাষ্ট্রনীতি অভ্যন্তরীণ নীতির সম্প্রসারণ।” তিনি জোর দিয়ে বলেন, কূটনীতিকেরা বিদেশে শুধু বাংলাদেশের স্বার্থই নয়, দেশের জনগণ, নীতি ও অর্জনেরও প্রতিনিধিত্ব করেন।

জেলা প্রশাসনের কার্যক্রম নিয়ে উপস্থাপনার প্রশংসা করে তিনি বলেন, জনসেবা প্রদান ও নাগরিক অংশগ্রহণে প্রশাসনের উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি কূটনীতিকদের জন্য মূল্যবান শিক্ষণীয় বিষয় হতে পারে।

তিনি বলেন, “উন্নয়ন ও জনপ্রশাসন কখনোই একমুখী প্রক্রিয়া হওয়া উচিত নয়, যেখানে জনগণের মতামত বিবেচনা না করেই প্রশাসন কেবল উদ্যোগ বাস্তবায়ন করে যাবে।”

গণতান্ত্রিক শাসনব্যবস্থার মৌলিক নীতি হিসেবে জনগণের অংশগ্রহণকে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, দেশজুড়ে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।

আশরাফুর রহমান বলেন, চট্টগ্রাম প্রশাসনের চালু করা কিছু চর্চা বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর কার্যক্রম উন্নয়নেও সহায়ক হতে পারে।

২০১১ সালে নিজের প্রথম বিদেশ পোস্টিংয়ের কথা স্মরণ করে তিনি বলেন, দেশের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে পর্যাপ্ত যোগাযোগ না থাকায় কনস্যুলার কর্মকর্তারা প্রায়ই প্রবাসীদের সহায়তা দিতে হিমশিম খেতেন।

তিনি বলেন, “বিদেশে আমাদের কূটনৈতিক মিশন এবং দেশের জেলা প্রশাসনের মধ্যে, বিশেষ করে প্রবাসী অধ্যুষিত জেলাগুলোতে, নিয়মিত ও কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠা করা উচিত।”

তিনি আরও বলেন, এ ধরনের সমন্বয় থাকলে প্রবাসীদের সমস্যা, বিশেষ করে যেসব ক্ষেত্রে জেলা প্রশাসন ও পুলিশের সহায়তা প্রয়োজন, তা কূটনৈতিক মিশনগুলো আরও দ্রুত ও কার্যকরভাবে সমাধান করতে পারবে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার নেতৃত্ব এবং নিরাপদ, সমৃদ্ধ ও মানবিক চট্টগ্রাম গড়ার তাঁর স্বপ্নের প্রতি আস্থা প্রকাশ করেন আশরাফুর রহমান।

নিজে বন্দরনগরীতে বেড়ে উঠেছেন উল্লেখ করে তিনি বলেন, এই সফর তাঁর কাছে বিশেষভাবে অর্থবহ। জাহিদকে নিজের ব্যাচমেট উল্লেখ করে প্রতিনিধিদলকে আতিথেয়তা দেওয়ার জন্য তাঁকে ধন্যবাদ জানান তিনি।

কূটনীতিকদের স্বাগত জানিয়ে জেলা প্রশাসক জাহিদ চট্টগ্রামের ঐতিহাসিক গুরুত্ব, অর্থনৈতিক তাৎপর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথা তুলে ধরেন।

তিনি বলেন, বিশাল জনসংখ্যা ও সীমিত ভৌগোলিক আয়তন সত্ত্বেও বাংলাদেশ উন্নয়ন-চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান সুসংহত করতে সচেষ্ট রয়েছে।

তরুণ কূটনীতিকদের উদ্দেশে জাহিদ বিদেশে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ, বিশেষ করে কৃষি, রেমিট্যান্স ও তৈরি পোশাকশিল্প খাতের প্রসারে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষা এবং দেশের রপ্তানি খাতের সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলার গুরুত্বের কথাও তিনি উল্লেখ করেন।

জাহিদ বলেন, “আমরা যদি আন্তরিকতা, সততা ও প্রতিশ্রুতির সঙ্গে দেশ ও দেশের মানুষের সেবায় পেশাজীবন উৎসর্গ করি, তাহলে দেশ উপকৃত হবে।”

তিনি তরুণ কূটনীতিকদের আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখতে এবং পেশাগত দক্ষতা দেশসেবায় নিয়োজিত করতে আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তারা, ফরেন সার্ভিস একাডেমির প্রতিনিধিরা এবং সফরকারী প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com