লক্ষ্মীপুর প্রতিনিধি: | রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১১০ বার পঠিত | পড়ুন মিনিটে
আমেরিকায় পাঠানোর কথা বলে বিভিন্ন ধাপে পরিবারের কাছ থেকে ২৯ লাখ ৫০ হাজার টাকা নেওয়া, পরে একাধিক দেশ ঘুরিয়ে দক্ষিণ আফ্রিকায় নিয়ে গিয়ে আটকে রাখার অভিযোগ করেছেন রামগঞ্জের ভাদুর ইউনিয়নের পৈতপুর গ্রামের মোঃ আতরের জামানের ছেলে মোঃ হাবিবুর রহমান।
ভুক্তভোগীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্য অনুযায়ী, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব গুপ্তি ইউনিয়নের ডুমুরিয়া মুন্সিবাড়ির মোঃ শহিদুল ইসলাম আমেরিকায় পাঠানোর আশ্বাস দিয়ে প্রথমে ১০ লাখ টাকা ও তার বাংলাদেশি পাসপোর্ট নেন। পরে আমেরিকার পরিবর্তে তাকে তানজানিয়ায় পাঠানো হয়। সেখান থেকে জাম্বিয়া ও জিম্বাবুয়ে হয়ে দুর্গম পথে প্রায় এক মাস পর দক্ষিণ আফ্রিকায় পৌঁছান বলে দাবি করেন তিনি। এ সময় তার মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ তার।
দক্ষিণ আফ্রিকায় গিয়ে বাংলাদেশে ফিরতে চাইলে তাকে প্রায় দুই মাস আটকে রাখা হয় বলে দাবি করেন হাবিবুর। পরে আরও ১০ লাখ টাকা নেওয়ার পর তাকে একটি দোকানে কাজ দেওয়া হয়। সেখানে প্রায় সাত মাস কাজ করেও বেতন পাননি বলে অভিযোগ করেন তিনি। দেশে ফেরার জন্য পরে আরও ৬ লাখ ৫০ হাজার টাকা ব্যাংক হিসাবে দেওয়া হলেও আরও প্রায় তিন মাস কাজ করতে হয়েছে বলে দাবি তার। এরপর তাকে আরও প্রায় পাঁচ মাস একটি বাসায় আটকে রাখা হয় বলেও অভিযোগ করেন হাবিবুর।
তার অভিযোগ, বাংলাদেশে ফেরার আগে ১০০ টাকা মূল্যমানের পাঁচটি খালি স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেওয়া হয়। পরে সোয়াজিল্যান্ড (বর্তমান ইসোয়াতিনি) থেকে বাংলাদেশে পাঠানোর কথা বলে পরিবারের কাছ থেকে আরও ৩ লাখ টাকা নেওয়া হয়।
ভুক্তভোগীর দেওয়া হিসাব অনুযায়ী—শহিদুল ইসলামের হাতে ১০ লাখ, তার এলাকার এক রাজনৈতিক নেতার মাধ্যমে ১০ লাখ, ব্যাংক হিসাবে ৬ লাখ ৫০ হাজার এবং পুনরায় ওই ব্যক্তির মাধ্যমে ৩ লাখ টাকা দেওয়া হয়। সব মিলিয়ে মোট ২৯ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নজরপুর গ্রামের মির্জা বাড়ির মোঃ মাসুম, পিতা—হাজের আলী, বিদেশে পাঠানো ও টাকা লেনদেনের প্রক্রিয়ায় সম্পৃক্ত ছিলেন।
হাবিবুরের দাবি, দেশে ফেরার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। পোস্টটি বিভিন্ন ব্যক্তি শেয়ার করেন এবং অনেকে তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেন। এর মধ্যে ২১ আগস্ট তার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকায় মামলা হয়েছে—এমন একটি পোস্ট দেখতে পান বলে দাবি করেন তিনি। দেশে ফেরার ২০–২২ দিন পর কেন এমন অভিযোগ প্রকাশ করা হলো, তা নিয়েও প্রশ্ন তুলেছেন হাবিবুর।
ভুক্তভোগী জানান, তার কাছে থাকা ব্যাংক লেনদেন, টাকা দেওয়ার প্রমাণ, পাসপোর্ট-সংক্রান্ত কাগজপত্রসহ প্রয়োজনীয় তথ্য-প্রমাণ আইনশৃঙ্খলা বাহিনীকে দিতে প্রস্তুত তিনি। একই সঙ্গে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
অভিযুক্ত শহিদুল ইসলাম ও মোঃ মাসুমের সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবারের দাবি, তারা আত্মগোপনে থাকায় তাদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যথাযথভাবে প্রকাশ করা হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com