মো: হুমায়ুন কবির | সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৫৭১ বার পঠিত | পড়ুন মিনিটে
নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার পশ্চিম শান্তিবাগ মহল্লায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও রাস্তার জায়গা দখল করে কয়েকটি স্থানে স্থায়ী পাকা স্থাপনা নির্মাণের অভিযোগে কাজ বাধাগ্রস্ত হচ্ছে।
এ ঘটনায় পৌর বিধি না মেনে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইকবাল মাস্টারের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
জলাবদ্ধতা নিরসনে দ্রুত ড্রেন নির্মাণ, বিধিবহির্ভূত স্থাপনা অপসারণ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার (১৭ আগস্ট) পশ্চিম শান্তিবাগের বাসিন্দারা কেন্দুয়া পৌরসভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীর কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগে স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই মহল্লার বিভিন্ন সড়ক ও বাসাবাড়ির আশপাশে পানি জমে যায়। বর্ষা মৌসুমে সেই পানি দীর্ঘ সময় আটকে থাকায় দুর্ভোগ আরও বেড়ে যায়। ময়লা-আবর্জনা ও নোংরা পানি জমে পরিবেশ দূষণের পাশাপাশি পানিবাহিত রোগের ঝুঁকিও বাড়ছে।
স্থানীয়দের দাবি, পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও রাস্তার পাশে প্রয়োজনীয় জায়গা না থাকায় কাজ এগিয়ে নেওয়া যাচ্ছে না। কয়েকটি স্থানে পৌর বিধি না মেনে স্থায়ী পাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে বলেও অভিযোগ তাদের।
লিখিত অভিযোগে শিক্ষক ইকবাল মাস্টারের বিরুদ্ধে পৌরসভার নিয়মনীতি অনুসরণ না করে ভবন নির্মাণের অভিযোগ আনা হয়। স্থানীয়দের ভাষ্য, এর আগেও ভবন নির্মাণ নিয়ে অভিযোগ উঠেছিল। তখন তৎকালীন ইউএনও মো. রিফাতুল ইসলাম নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করেছিলেন।
স্থানীয়দের অভিযোগ, জরিমানা দেওয়ার পরও আবার ভবন নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে কেন্দুয়া পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী রাজু আহমেদ বলেন, অভিযোগ পাওয়ার পর নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও একই বিষয়ে অভিযোগ হয়েছিল এবং তখন ইকবাল মাস্টার এক লাখ টাকা জরিমানা দিয়েছিলেন।

অভিযোগের বিষয়ে শিক্ষক ইকবাল মাস্টার সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে আনা ভবন নির্মাণসংক্রান্ত অভিযোগ সঠিক নয়।
কেন্দুয়া পৌরসভার পৌর প্রশাসক ও ইউএনও সানজিদা চৌধুরী বলেন, স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পশ্চিম শান্তিবাগের বাসিন্দারা দ্রুত মহল্লাটি পরিদর্শন করে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ এবং পৌর বিধিবহির্ভূত স্থাপনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, অনিয়ন্ত্রিত স্থাপনা নির্মাণ চলতে থাকলে ভবিষ্যতে পৌরসভার সড়ক সম্প্রসারণ ও উন্নয়ন কার্যক্রমও বাধাগ্রস্ত হতে পারে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com