ফরিদপুর জেলা প্রতিনিধি : | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৮৮ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুরের চরভদ্রাসনে শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং মাদক ও বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চর নটাখোলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মো. জুলহাস হোসেন সৌরভ।
এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. মাকসুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মো. কুদ্দুস আলী, আমিনুল হক বাচ্চু, মোস্তফা কবির, ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও সভায় অংশ নেন।
সভায় শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে আসা, লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের মধ্যে শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মাদকাসক্তি ও বাল্যবিবাহের নেতিবাচক প্রভাব নিয়েও অভিভাবকদের সচেতন করা হয়।
বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি পরিবারের সচেতনতা ও সহযোগিতার বড় ভূমিকা রয়েছে। সন্তান নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে কি না, পড়াশোনায় মনোযোগী কিনা এবং তার বন্ধুবান্ধব ও চলাফেরার বিষয়ে অভিভাবকদের সচেতন নজরদারি প্রয়োজন।
তারা আরও বলেন, মাদক ও বাল্যবিবাহ শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ সম্ভাবনাকেও নষ্ট করে দিতে পারে। এসব সমস্যা মোকাবিলায় পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
সমাবেশ থেকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অভিভাবকদের নিজ নিজ অবস্থান থেকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com