শফিকুল ইসলাম বাদল | বুধবার, ২২ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১৬১০ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মাঝিকাড়া-গোপালপুর সড়কে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নবীনগরে এ অভিযানের সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। একই সঙ্গে বিভিন্ন ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর এবং সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হবে। ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে নবীনগরকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে পরিবেশগত ঝুঁকি দিন দিন বাড়ছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ রাখে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, যুবদল নেতা মো. মজনুসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com