শফিকুল ইসলাম বাদল | শনিবার, ১৮ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১৪৮ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা হোপ-এর উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর অর্থায়নে বিনামূল্যে ৫০টি ছাগল বিতরণ করা হয়েছে।শনিবার (১৮ জুলাই ২০২৬) হোপের প্রধান কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে ২৫ জন নির্বাচিত উপকারভোগীর প্রত্যেককে দুটি করে মোট ৫০টি ছাগল প্রদান করা হয়। একই সঙ্গে তাদের মাঝে ফলজ গাছের চারাও বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, হোপের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, সহ-সভাপতি মো. ইকবাল হুসেন এবং সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. বজলুর রহমান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোপের কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ ইউনুছ। সংস্থার সাধারণ সম্পাদক মো. আবু কাওছার অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন। স্বাগত বক্তব্য দেন সংস্থার নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান।
বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই হোপ দরিদ্র জনগোষ্ঠীর আয় বৃদ্ধি ও টেকসই জীবিকা নিশ্চিত করতে বিভিন্ন আয়বর্ধক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ছাগল পালন উপকারভোগীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে এবং তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।বক্তারা আরও জানান, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ২০১৩ সাল থেকে হোপ ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। প্রথম পর্যায়ে ১৩ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে প্রতিবন্ধী শিক্ষা ও চিকিৎসা প্রকল্প বাস্তবায়ন করা হয়। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে ৫০ জনকে ছয় মাসের প্রশিক্ষণ শেষে ৫০টি সেলাই মেশিন প্রদান করা হয়। চতুর্থ ও পঞ্চম পর্যায়ে ১০ জন উপকারভোগীকে গরু প্রদান করা হয়েছে। এছাড়া ১৪ লাখ টাকার বিশেষ অনুদানের মাধ্যমে ১০টি গবাদিপশু বিতরণ এবং ৫০টি স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ করে দেওয়া হয়েছে।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নির্বাচিত উপকারভোগীদের হাতে বিনামূল্যে ছাগল ও ফলজ গাছের চারা তুলে দেন।এ সময় হোপের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com