শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি | মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১৫১ বার পঠিত | পড়ুন মিনিটে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ‘বই পড়ি, দেশ গড়ি’ নির্দেশনার আলোকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘বই পড়া কর্মসূচি-২০২৬’। শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চা সম্প্রসারণ এবং সৃজনশীল ও মানবিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) কর্মসূচির উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে বই পড়ার গুরুত্ব, সাহিত্যচর্চা, পাঠাভ্যাসের প্রয়োজনীয়তা এবং ব্যক্তিজীবন ও সমাজ গঠনে বইয়ের ইতিবাচক ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। শিক্ষার্থীরাও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে কর্মসূচিতে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করে।
জেলা প্রশাসক বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, জীবনী ও অন্যান্য জ্ঞানভিত্তিক বই পড়ার অভ্যাস একজন শিক্ষার্থীর চিন্তার জগৎকে সমৃদ্ধ করে। নিয়মিত বই পাঠের মাধ্যমে সৃজনশীলতা, বিশ্লেষণী দক্ষতা, কল্পনাশক্তি, ভাষার বিকাশ এবং মানবিক মূল্যবোধের চর্চা সম্ভব। তিনি শিক্ষার্থীদের প্রতিদিন নির্দিষ্ট সময় বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কর্মসূচির প্রথম ধাপে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সাহিত্যের সঙ্গে পরিচিত করা, বই পড়ার উপকারিতা তুলে ধরা, অংশগ্রহণের নিয়মাবলি জানানো এবং কর্মসূচির বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হবে।বছরব্যাপী পরিচালিত এ কর্মসূচিতে জেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। নিয়মিত বই পাঠ, পাঠ-পর্যালোচনা এবং মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত সেরা পাঠকদের দেওয়া হবে পুরস্কার, সম্মাননা ও সনদ। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজন করা হবে সাহিত্য আড্ডা, পাঠচক্র, বই আলোচনা, কুইজ, রচনা ও সৃজনশীল প্রতিযোগিতা।
এ ছাড়া উপজেলা ও জেলা পর্যায়েও অনুষ্ঠিত হবে বিভিন্ন সাহিত্য ও পাঠভিত্তিক আয়োজন, যা শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার সংস্কৃতি বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের প্রত্যাশা, ‘বই পড়া কর্মসূচি-২০২৬’-এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের মধ্যে বইপাঠের আগ্রহ আরও বৃদ্ধি পাবে এবং জ্ঞান, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একটি আলোকিত প্রজন্ম গড়ে উঠবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com