শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: | বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১৫৭ বার পঠিত | পড়ুন মিনিটে
ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার রামরাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গণসচেতনতামূলক কার্যক্রম ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়ার সহযোগিতায় এবং সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নামজারি আবেদন, ভূমি কর প্রদান, অভিযোগ নিষ্পত্তি ও প্রতিকার ব্যবস্থাপনাসহ বিভিন্ন ভূমিসেবা বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, “ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হয়ে সেবা প্রদান করতে হবে।” তিনি ভূমিসেবাগ্রহীতাদের নিজেদের কাজ নিজেরাই করার আহ্বান জানিয়ে বলেন, অন্যের সহযোগিতা নিলে তৃতীয় পক্ষ দুর্নীতি করার সুযোগ পায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। হয়রানি বা কোনো সমস্যা হলে উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানান। তিনি বলেন, বর্তমানে ভূমিসেবা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। ফলে আগের তুলনায় দুর্নীতি ও অনিয়ম কমে এসেছে।
রামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান সেলিম বলেন, ভূমিসেবা প্রদানে ইউনিয়ন পরিষদ অত্যন্ত গুরুত্বের সঙ্গে সহযোগিতা করে আসছে। উত্তরাধিকার সনদ প্রদানের আগে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হয় বলেও জানান তিনি।
শুভেচ্ছা বক্তব্যে সনাক সদস্য মো. আরজু মিয়া বলেন, জনগণকে ভূমিসেবা সম্পর্কে সচেতন করতেই সনাক এ ধরনের কর্মসূচির আয়োজন করে থাকে।
সনাক সভাপতি জয়দুল হোসেন বলেন, “ভূমি সমস্যা ছিল, এখনো আছে। তবে সবাই সচেতন হলে ভবিষ্যতে এ ধরনের সমস্যা অনেকটাই কমে আসবে। অসচেতনতার কারণে ভূমি নিয়ে জটিলতা সৃষ্টি হয়। আবার কিছু ভূমিদস্যু ও দালালের খপ্পরে পড়ে অনেকে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই আজকের এই গণশুনানি।”
এ সময় তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ খাল দখলমুক্ত করার দাবি জানান। এলাকাবাসীর পক্ষে ইউনিয়ন পরিষদের সদস্য মো. মানিক মিয়া বলেন, হাইওয়ে নির্মাণের কারণে প্রায় ২৫০ একর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। একসময় এসব জমিতে তিন ফসল উৎপাদন হলেও বর্তমানে সেখানে ৪ থেকে ৫ ফুট পানি জমে থাকে। এ সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
অনুষ্ঠানে ভূমি কর আদায়, নামজারি, অভিযোগ নিষ্পত্তি ও প্রতিকার ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে সেবাগ্রহীতাদের অবহিত করা হয়।
টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মো. আবদুর রহমানের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে রামরাইল ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ভূমি অফিসের কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com