মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ | রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ২১২ বার পঠিত | পড়ুন মিনিটে
মেধা, সততা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে ইনসাফভিত্তিক সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে যশোরের মনিরামপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২১৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রোববার (৩০ আগস্ট) সকালে মনিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা ভবনের হলরুমে ছাত্রশিবিরের মনিরামপুর উপজেলা (পূর্ব) শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাড. গাজী এনামুল হক বলেন, “জিপিএ-৫ পাওয়া জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন, কিন্তু এটিই জীবনের শেষ সাফল্য নয়। মেধাকে যদি সততা, নৈতিকতা ও দেশপ্রেমের সঙ্গে যুক্ত করা যায়, তবেই একজন শিক্ষার্থী প্রকৃত অর্থে দেশ ও মানুষের সম্পদ হয়ে উঠবে। তোমাদের অর্জন শুধু নিজের ভবিষ্যৎ গড়ার জন্য নয়—পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যৎ গড়ার দায়িত্বও তোমাদের কাঁধে নিতে হবে।”
তিনি বলেন, “আজ যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছ, তোমাদের চোখে আমরা আগামী দিনের বাংলাদেশের স্বপ্ন দেখি। জীবনে যত বড়ই হও, মানুষের প্রতি দায়িত্ব ও ভালোবাসা যেন কখনো হারিয়ে না যায়। জ্ঞান ও বিবেককে সঙ্গে নিয়ে এগিয়ে গেলে তোমরাই একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলা শাখার আমির অধ্যাপক ফজলুল হক, সেক্রেটারি খলিলুর রহমান, মাওলানা সেলিম জাহাঙ্গীর ও মনিরামপুর উপজেলা যুব বিভাগের সভাপতি শামীম হোসেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেন্য সংগীত শিল্পী অ্যাড. রোকনুজ্জামান,খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান, যশোর জেলা সভাপতি মিনারুল ইসলাম, জেলা সেক্রেটারি আবু জাফর ও জেলা যুব বিভাগের সভাপতি মনিরুল ইসলাম।
বক্তারা শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক চরিত্র, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com