শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মুরাদনগরে বিয়ের আশ্বাসে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা; তদন্তে দুইজনের বিরুদ্ধে প্রতিবেদন, সমন জারি

অলি উল্লাহ ভূঁইয়া,   |   বুধবার, ০১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুরাদনগরে বিয়ের আশ্বাসে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা; তদন্তে দুইজনের বিরুদ্ধে প্রতিবেদন, সমন জারি

কুমিল্লার মুরাদনগরে বিয়ের আশ্বাস দিয়ে প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং মানসিক নির্যাতনের অভিযোগে ইয়াছিন আরাফাত (২৬) নামে এক যুবকসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এক তরুণী। আদালতের নির্দেশে তদন্ত শেষে পুলিশ প্রধান অভিযুক্ত ইয়াছিন আরাফাত ও তার সহযোগী হিসেবে অভিযুক্ত মামুন মোল্লার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করলে আদালত তাদের বিরুদ্ধে সমন জারি করেন।

মামলার প্রধান অভিযুক্ত ইয়াছিন আরাফাত উপজেলার সিদ্ধেশ্বরী গ্রামের মো. সুলতান আহমদের ছেলে। অপর অভিযুক্ত মামুন মোল্লা উপজেলার কৃষ্ণপুর গ্রামের কবির হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী একজন প্রবাসীর স্ত্রী। স্বামী বিদেশে থাকায় তিনি তিন মেয়েকে নিয়ে ঢাকার সবুজবাগ থানাধীন মাদারটেক এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। একই এলাকায় পাশাপাশি বাসায় থাকায় অভিযুক্ত ইয়াছিন আরাফাতের সঙ্গে তার পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ চলতে থাকে। বিষয়টি জানতে পেরে বাদীর স্বামী তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৭ আগস্ট ইয়াছিন আরাফাত বাদীর বাড়িতে গিয়ে তাকে বিয়ের আশ্বাস দেন এবং পরবর্তীতে ঢাকার মাদারটেক এলাকায় একটি বাসা ভাড়া নেন। একই বছরের ১২ সেপ্টেম্বর সেখানে একজন কাজীর মাধ্যমে ইসলামি শরিয়াহ অনুযায়ী পাঁচ লাখ টাকা দেনমোহর ধার্য করে তাদের বিয়ে সম্পন্ন হয় বলে বাদীর দাবি।

বাদীর অভিযোগ, সংসার গোছানোর জন্য তিনি অভিযুক্তকে ৮ লাখ ৩২ হাজার ৬০০ টাকার আসবাবপত্র কিনে দেন এবং আরও ৩ লাখ টাকা নগদ প্রদান করেন।

কিছুদিন পর তিনি জানতে পারেন, ইয়াছিন আরাফাত পূর্বে আরেকটি বিয়ে করেছিলেন, যা তার কাছে গোপন রাখা হয়েছিল। বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ সময় তাকে হত্যার হুমকি দেওয়া হয় এবং জোরপূর্বক একটি খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, এসব ঘটনার কারণে তিনি মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং ২০২৫ সালের ৩০ অক্টোবর মুগদা হাসপাতালে চিকিৎসা নেন। পরে ৪ নভেম্বর অভিযুক্তকে আবার একসঙ্গে থাকার কথা জানালে তিনি নাকি বলেন, “তোমার আর ঢাকায় আসার প্রয়োজন নেই। আমি বাসা ছেড়ে দিয়েছি। আমাদের যা হয়েছে, তা ভুলে যাও। এই বিয়ের কোনো মূল্য নেই।”

বাদীর আরও অভিযোগ, ইয়াছিন আরাফাত অনলাইনে প্রতারণার সঙ্গে জড়িত এবং পূর্বেও এক তরুণীর সঙ্গে প্রতারণার ঘটনায় স্থানীয়ভাবে অর্থদণ্ড দিয়ে বিষয়টি মীমাংসা করেছিলেন। এছাড়া তার ছবি ও মোবাইল নম্বর ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে মানহানির চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

এ ঘটনায় বাদী কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১১ নম্বর আমলি আদালতে ইয়াছিন আরাফাতকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত অভিযোগের তদন্তের দায়িত্ব মুরাদনগর থানাকে দেন। তদন্ত শেষে পুলিশ ইয়াছিন আরাফাত ও মামুন মোল্লার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে তদন্ত প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনে সন্তুষ্ট হয়ে আদালত তাদের বিরুদ্ধে সমন জারি করেন।

তবে সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ইয়াছিন আরাফাত বলেন, “যদি সত্যিই বিয়ে হয়ে থাকে, তাহলে কাবিননামা দেখাক।”মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com