বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৭৬ বার পঠিত | পড়ুন মিনিটে
দেশের প্রচলিত ‘বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ ও নির্দিষ্ট আইনি বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আশপাশের মেসগুলোতে তৈরি হয়েছে একচ্ছত্র জিম্মিদশার রাজত্ব। ক্যাম্পাসের পার্শ্ববর্তী লক্ষ্মীপুর, শান্তিনগর, শেখপাড়া কিংবা কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরের বিভিন্ন মেসে অবস্থানরত হাজার হাজার শিক্ষার্থী প্রতিনিয়ত মেস মালিকদের স্বঘোষিত সিন্ডিকেট ও স্বেচ্ছাচারী নিয়মের শিকার হচ্ছেন।
মেস মালিকদের যত অনিয়ম ও হয়রানি
মেসগুলোতে ওঠার সময় শিক্ষার্থীদের ওপর একতরফা ৬ মাস থেকে ১ বছরের কঠোর ও বাধ্যতামূলক চুক্তি চাপিয়ে দেওয়া হয়। পরবর্তীতে মেসের পরিবেশ অস্বাস্থ্যকর বা অপরিচ্ছন্ন থাকা, বিদ্যুৎ বা পানির তীব্র সংকট কিংবা কোনো শিক্ষার্থীর ব্যক্তিগত জরুরি সমস্যা তৈরি হলেও মেস ছাড়ার কোনো সুযোগ থাকে না। মেস ছাড়তে চাইলে সম্পূর্ণ মেয়াদের ভাড়া পরিশোধের জন্য জোরপূর্বক চাপ দেওয়া হয়। এ সময় প্রতিবাদ করলে অনেক সময় পুলিশের ভয়ভীতিসহ নানা ধরনের মানসিক নির্যাতনের মুখে পড়তে হয় শিক্ষার্থীদের।
প্রচলিত বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন কী বলে?
ভাড়াটিয়াদের মৌলিক অধিকার রক্ষায় দেশে নির্দিষ্ট আইন থাকলেও মেস মালিকরা তা মানছেন না। ঢাকা জেলা ও জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট হাসানুর রহমান এ বিষয়ে জানান, “বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১-এর ১০ ধারা অনুযায়ী, নির্ধারিত মাসিক ভাড়ার অতিরিক্ত প্রিমিয়াম, সালামি, জামানত বা এক মাসের ভাড়ার অতিরিক্ত অগ্রিম ভাড়া দাবি বা গ্রহণ করা সম্পূর্ণ বেআইনি। এ বিধান লঙ্ঘন করলে উক্ত আইনের ২৩ ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা ও জরিমানার বিধান রয়েছে এবং অতিরিক্ত গ্রহণকৃত অর্থ পরবর্তী ভাড়ার সঙ্গে সমন্বয়যোগ্য।”
তিনি আরও বলেন, “আইনগতভাবে কোনো ভাড়াটিয়া কখন বাসা ছাড়বেন তা উভয়পক্ষের ন্যায়সংগত চুক্তির ওপর নির্ভর করে। কিন্তু সিন্ডিকেট তৈরি করে জোরপূর্বক ৬ থেকে ১২ মাস থাকতে বাধ্য করা শিক্ষার্থীদের ওপর চরম জুলুম এবং আইনগত দণ্ডনীয় অপরাধ। জোরপূর্বক আটকে রাখা বা ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করা হলে তা সরাসরি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে।”
বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা সাজ্জাদুর রহমান জানান, জোরপূর্বক ভাড়া আদায় কার্যত চাঁদা আদায়ের শামিল। এক্ষেত্রে ফৌজদারি আদালতে মামলা করার সুযোগ রয়েছে। অন্যদিকে মেসের সুযোগ-সুবিধা বন্ধ বা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরির অপরাধে মেস মালিকদের বিরুদ্ধে দেওয়ানি আদালতের আশ্রয় নেওয়া যেতে পারে।
শিক্ষার্থীদের এই জিম্মিদশা থেকে মুক্তির উপায় কি হতে পারে?
সাজ্জাদুর রহমান জানান, যত্রতত্র মেস মালিকদের দৌরাত্ম্য থামিয়ে শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে কিছু সুনির্দিষ্ট ও সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি। স্থানীয় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা। বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেল ও ছাত্রকল্যাণ দপ্তরের অধীনে একটি বিশেষ সেল গঠন করা, যেখানে শিক্ষার্থীরা হয়রানির শিকার হলে সরাসরি অভিযোগ জানাতে পারবে। মেস মালিকদের একতরফা ও জবরদস্তিমূলক চুক্তির পরিবর্তে প্রশাসন অনুমোদিত সুনির্দিষ্ট লিখিত চুক্তিপত্র ব্যবহার বাধ্যতামূলক করা। মেস মালিকদের অযাচিত নিয়মের বিরুদ্ধে প্রশাসনের সরব পদক্ষেপ ও নিয়মিত তদারকি নিশ্চিত করা।
বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ওহাব মনে করেন, শিক্ষার্থীদের জোরপূর্বক অতিরিক্ত মেয়াদের চুক্তিতে আবদ্ধ করা অপরাধ এবং শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে আইনের আশ্রয় নিতে পারে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন মেস মালিকদের সরাসরি নিয়ন্ত্রণ করার আইনি অধিকার না থাকলেও সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধান করতে পারে।
বিশ্ববিদ্যালয়ের আইন প্রশাসক অধ্যাপক ড. নুরুন নাহার বলেন, “সার্বজনীন স্বার্থে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের মেস মালিক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয়ের মাধ্যমে বিষয়টি সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে, যাতে শিক্ষার্থীদের ভোগান্তি কমে। অন্যদিকে মেসে ওঠার সময় মেস সম্পর্কিত যাবতীয় তথ্য যাচাই-বাছাই করা শিক্ষার্থীর দায়িত্ব।
তিনি আরও জানান, প্রচলিত আইনের তোয়াক্কা না করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন মেস মালিকদের নিয়ন্ত্রণ করার বৈধ অধিকার রাখে না। এক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং মেস মালিকদের একটি সমন্বিত পদক্ষেপ জরুরি।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com