শফিকুল ইসলাম বাদল | সোমবার, ২০ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১৫২ বার পঠিত | পড়ুন মিনিটে
: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কণিকাড়া গ্রামে ফুটবল খেলা শেষে স্পেনের জয় উদযাপন করে আল্লাহর দরবারে সেজদা দেওয়াকে কেন্দ্র করে এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।আহত যুবক আকবর হোসেন ওরফে জানি (২৩)। তিনি কণিকাড়া গ্রামের শাহনূর মিয়ার ছেলে। পরিবারের দাবি, আকবর শারীরিক ও মানসিক প্রতিবন্ধী।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের অভিযোগ, গত ১৯ জুলাই দিবাগত রাত প্রায় ৪টার দিকে গাংকুলহাটি স্কুল মাঠে ফুটবল ম্যাচ শেষে স্পেনের বিজয় উদযাপন করে আকবর আল্লাহর দরবারে সেজদা দেন। এ সময় একই গ্রামের আব্দুল্লাহ (২৭), পিতা—আব্দুল বাতেন এবং রিফাত (২৩), পিতা—আব্দুল আওয়ালের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা আকবরকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
মারধরের ঘটনায় আকবর গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আকবরের পালক দাদি সেলিনা বেগম (৮০) কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আকবরের মা নেই। ছোটবেলা থেকে আমি তাকে লালন-পালন করেছি। সে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। একটি সেজদা দেওয়ার কারণে তাকে এভাবে মারধরের শিকার হতে হবে, তা কখনো ভাবিনি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”আকবরের চাচাতো ভাই ও সহপাঠী মো. ওবায়দুল্লাহ ওবা বলেন, “গ্রামের সবাই জানে আকবর শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। তারপরও তার ওপর এমন হামলা চালানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, একজন প্রতিবন্ধী যুবকের ওপর হামলার অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।পরিবারের সদস্যরা জানিয়েছেন, চিকিৎসা শেষে তারা এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।এ বিষয়ে অভিযুক্ত আব্দুল্লাহ ও রিফাতের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। ফলে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com