এ কে এম মোহাম্মদ আলী, হোসেনপুর | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৮৩ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে ৷ “নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ,পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়”এ স্লোগানকে সামনে রেখে হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং সাধারণ মানুষের মধ্যে সড়কে নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিরাপদ সড়ক চাই, হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদের সামনে ওই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সচেতন নাগরিকরা এতে অংশ নিয়েছেন। এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাশাসক (ইউএনও) রেকসোনা খাতুন। তিনি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সড়কে চলাচলের ক্ষেত্রে আইন মেনে চলার আহবান জানান ৷ বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সদস্য সচিব সঞ্জিত চন্দ্র শীল, ফরিদা পারভীন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আকিল উদ্দিন।এ সময়
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা বর্তমানে ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। প্রতিদিন সড়কে চলাচল করতে গিয়ে অসতর্কতা, বেপরোয়া গতি, ট্রাফিক আইন অমান্য এবং যানবাহন চালানোর ক্ষেত্রে দায়িত্বহীনতার কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে ৷ চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা, বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত করা এবং যানবাহনের উপযুক্ত ফিটনেস বজায় রাখা জরুরি। পাশাপাশি যাত্রীদেরও চলন্ত গাড়িতে অসতর্ক আচরণ না করা এবং পথচারীদের নির্ধারিত স্থান দিয়ে রাস্তা পারাপারের বিষয়ে সতর্ক থাকতে হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com