আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক : | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩২ বার পঠিত | পড়ুন মিনিটে
সদর উপজেলার দারিয়াপুর বাজারে জমি ক্রয়কে কেন্দ্র করে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি, মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ এনে বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল জলিল মিয়া।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ী আব্দুল জলিল মিয়া অভিযোগ করেন, “তিনি দারিয়াপুর বাজারে ‘মেসার্স হাসান ট্রেডার্স’ নামে রড ও সিমেন্টের ব্যবসা পরিচালনা করছেন। তার ছেলে হাসান মাহমুদের নামে দারিয়াপুর বাজার সংলগ্ন ব্রিজের উত্তর পাশে ৬ শতক জমি করিম বকসের তিন মেয়ে (রুবি বেগম, মোর্শেদা বেগম ও খাদিজা বেগম)-এর কাছ থেকে গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে গাইবান্ধা সদর সাবরেজিস্ট্রি অফিসে দলিল মূলে ক্রয় করেন।
জমিটি ক্রয়ের পর থেকেই ওই তিন বোনের ভাই জাহাঙ্গীর আলম, জিয়াউর রহমান ও আশরাফুল ইসলাম জমির দখল নিতে বাধা দিচ্ছেন এবং মোটা অংকের চাঁদা দাবি করছেন। চাঁদা না পেয়ে তারা বিভিন্ন সময় হয়রানি করে আসছেন। এ ঘটনায় গত ২৮ অক্টোবর দোকান সংলগ্ন এলাকায় গালিগালাজ ও হুমকির ঘটনায় গত ৮ নভেম্বর গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৪০৪) করা হয়।
এমতাবস্থায় গত ১১ নভেম্বর সকালে দোকানের কর্মচারী আনোয়ারুল ইসলাম দোকান খুলতে গেলে জাহাঙ্গীর আলম, জিয়াউর রহমান ও আশরাফুল ইসলামসহ তাদের লোকজন সশস্ত্র অবস্থায় বাধা দেয়। একপর্যায়ে তারা হামলা চালিয়ে ব্যবসায়ী আব্দুল জলিল মিয়ার স্ত্রী শিল্পী বেগম, মেয়ে মনি আকতার ও মামাতো বোন মিথিলাকে গুরুতর আহত করেন। এসময় তাদের গলা থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হলে গুরুতর আহত শিল্পী বেগমের শারীরিক অবস্থার অবনতিতে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে ব্যবসায়ী আব্দুল জলিল মিয়া ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com