দিদারুল হৃদয়ঃ গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি: | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৯ বার পঠিত | পড়ুন মিনিটে
পার্বত্য চট্টগ্রামের আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষার প্রসার এবং তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়ির গুইমারায় যুব সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে গুইমারা উপজেলার ২ নম্বর হাফছড়ি ইউনিয়নের হেডম্যানপাড়াস্থ শহীদ আফতাব কাদের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে গুইমারা ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন উচ্চবিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল, পিএসসি, জি। এছাড়া উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন (পিপিএম), মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহমুদা কলি, গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহরাব হোসেন এবং গুইমারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা মো. বাবুল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও গুইমারা ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৯ জন উদীয়মান শিক্ষার্থী সেমিনারে বক্তা হিসেবে অংশগ্রহণ করেন।
সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন, উচ্চশিক্ষার সুযোগ, পেশাগত দক্ষতা অর্জন এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। একই সঙ্গে একটি সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে তরুণ সমাজকে বাল্যবিবাহ, মাদকাসক্তি, গুজব ও অপপ্রচার থেকে দূরে থাকার আহ্বান জানান।
অন্যদিকে, সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থী বক্তারা প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল থেকে নিজেদের অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জনের অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার স্বনামধন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ লাভের গল্প শোনান, যা উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষা গ্রহণ ও ভবিষ্যৎ গড়ার অনুপ্রেরণা জোগায়।
সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনসহ প্রায় ১২০ থেকে ১৩০ জন অংশগ্রহণ করেন।
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি শিক্ষার প্রসার এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক ও শিক্ষাবান্ধব উদ্যোগ স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সুধীসমাজের প্রশংসা অর্জন করেছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com