আব্দুস সালাম মোল্লা | বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২২ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে আগুন জ্বালিয়ে ও দেশীয় অস্ত্র হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভ ও ককটেল বিস্ফোরণে রাজু মোল্যা (৪০) নামের এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ স্থানীয় বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়েছে।
ঘটনার পরপরই ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল মঙ্গলবার রাতে রাজপথ থেকে হাসপাতালে এবং পরে নিহতের বাড়িতে ছুটে যান। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ বুধবার ১৮ ই নভেম্বর ) সকালেই ভাঙ্গা থানায় ছুটে যান।
১৭ই নভেম্বর রাত ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মাধবপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সহিংসতার ঘটায়।
জানা গেছে, নিহত রাজু মোল্যা(৪০) ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুর গ্রামের আকতার মোল্যার ছেলে। তিনি উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।
সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের ওপর দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ শুরু করেন আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা। এ সময় তাঁরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করায় মহাসড়কটিতে প্রায় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে সেখানে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে করে ছুটে যান বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এ সময় তাঁদের লক্ষ্য করে একাধিক ককটেল ছোড়েন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ও বিক্ষোভকারীরা। ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হন রাজু মোল্যা এবং তাঁদের চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিএনপির নেতাকর্মী ও ওই মোটরসাইকেল বহরে থাকা একাধিক নেতা-কর্মী দাবি করেন, তাঁরা ঘটনাস্থলে পৌঁছানোমাত্র আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে গুলিবর্ষণ ও একাধিক ককটেল ছুড়ে মারে। বোমা বিস্ফোরণেই রাজু মোল্যা মারা যান।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা তানজীরুল ইসলাম মামুন বলেন, মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর জানান, হামলায় একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com