মোঃ রাহিজুল ইসলাম : | রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১৬৩ বার পঠিত | পড়ুন মিনিটে
বাড়ির আঙিনায় বেড়ে উঠেছিল প্রায় ১৭ ফুট উচ্চতার গাঁজা গাছ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে সেই গাছ উদ্ধার হয়েছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করা হলেও বাড়ির মালিক পালিয়ে গেছেন।
রোববার (১৬ আগস্ট) উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের দুর্গম ইসলামপুর চরে এ অভিযান চালায় পুলিশ।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, থানার ওসি মো. আজিম উদ্দিন ও এএসআই জাহেদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ইসলামপুর গ্রামের কৃষক মো. বাদশা মিয়া (৫০), পিতা—মৃত তালেবুদ্দির বসতবাড়ি থেকে প্রায় ১৭ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজা গাছ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাদশা মিয়া গাছটি কেটে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ কাটা গাছটি উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় বাদশা মিয়া পালিয়ে যান।
অভিযান চলাকালে বাড়িতে অবস্থানরত বাদশা মিয়ার ছেলে ফারুক (২০)-কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
পুলিশের কর্মকর্তারা জানান, দুর্গম চরাঞ্চলেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
এ ঘটনায় গাঁজা গাছের মালিকানা ও সংশ্লিষ্টতার বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com