আনোয়ার হোসেন | সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৫৭২ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রতিনিধি ও সাংবাদিক মাহমুদুল হাবীব রিপন-এর ওপর এক মাদক ব্যবসায়ীর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গাইবান্ধা প্রেসক্লাব।
বিবৃতিতে জানানো হয়, গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের চকমামরোজপুর এলাকার সোনা মিয়ার ছেলে মেহেদী হাসান পাপুল ইয়াবা ট্যাবলেটসহ গত ১৫ জুলাই ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়ায় ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়। এ নিয়ে বিভিন্ন পত্রিকা ও অনলাইনে খবর প্রকাশিত হয়। এই সংবাদ প্রকাশের জের ধরে জামিনে মুক্তিপ্রাপ্ত মেহেদী হাসান পাপুল ১৪ আগস্ট সকালে সাংবাদিক মাহমুদুল হাবীব রিপনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ছুরিকাঘাতের চেষ্টা করে। জীবন বাঁচাতে রিপন দৌড়ে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পরে ওইদিন সন্ধ্যায় পাপুল ও তার সঙ্গীরা সাংবাদিক রিপনের বাড়িতে গিয়ে হামলা চালিয়ে ভাংচুর ও জীবননাশের হুমকি দেয়। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় একটি জিডি করা হয়েছে। তবে অভিযুক্ত পাপুল এখনও গ্রেফতার হয়নি।
গাইবান্ধা প্রেস ক্লাব-এর সভাপতি অমিতাভ দাশ হিমুন ও সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা বিবৃতিতে বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ বা প্রতিবাদ করলেই যদি সাংবাদিকদের ওপর এভাবে বাড়িতে ঢুকে হামলা চালানো হয়, তবে সত্য প্রকাশ বাধাগ্রস্ত হবে এবং সমাজে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। তারা বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমর্কীদের নিরাপত্তার জন্য মাদক ব্যবসায়ী মেহেদী হাসান পাপুলকে অবিলম্বে আইনের আওতায় নেয়ার দাবি জানান।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com