আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক : | শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১৪৯ বার পঠিত | পড়ুন মিনিটে
২৩ বছর বয়সী দীপঙ্কর রাম গরিব পরিবারের সন্তান। জীবিকার চাকা ঘোরাতে পরিবারের মুখে দু’বেলা দু’মুঠো অন্ন জুটাতে ট্রেনে পাড়ি জমিয়েছিলেন অচেনা শহরের উদ্দেশ্যে। কিন্তু বিধিবাম, ট্রেন ছেড়ে যাওয়ার ভুল শব্দ সংকেতে মুহূর্তের অসাবধানতায় বিপরীত দিক থেকে আসা আন্তঃনগর ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তছনছ হয়ে যায় যুবক দীপঙ্কর রামের নাড়ির টান ও বেঁচে থাকার আকুতি।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) দুপুরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া রেলস্টেশন প্ল্যাটফর্মে। নিহত যুবক দীপঙ্কর রাম দিনাজপুর জেলার বিরল উপজেলার ভান্ডারা গ্রামের ভুট্টু রামের ছেলে।
স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, পরিবারের মলিন মুখগুলো বদলানোর শপথ নিয়ে দীপঙ্কর রাম বাড়ি ছেড়েছিলেন বুকভরা আশা নিয়ে। দিনাজপুর জেলার বিরল স্টেশন থেকে দোলনচাঁপা এক্সপ্রেসে চড়ে তিনি রওয়ানা দিয়েছিলেন জীবিকার সন্ধানে। গন্তব্য ছিল অচেনা শহর, যেখানে একটু শ্রম দিলে হয়তো দু’বেলা দু’মুঠো অন্ন জুটে যেত পরিবারের মুখে। কিন্তু ভাগ্যরেখা অন্য কিছু লিখে রেখেছিল। দুপুর নাগাদ কামারপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছানোর পর ঘটে সেই নির্মম ক্রসিংয়ের খেলা।
স্টেশন সূত্রে জানা যায়, ঘটনার সময় স্টেশনে দাঁড়িয়ে ছিল যাত্রাবিরতীতে থাকা দোলনচাঁপা এক্সপ্রেস। ঠিক তখনই বিপরীত দিক থেকে তীব্র গতিতে ছুটে আসে সান্তাহার থেকে বুড়িমারীগামী আন্তঃনগর করতোয়া ট্রেন। ট্রেনটি স্টেশনে প্রবেশের মুখে হুইসেল বাজালে বিভ্রান্ত হন দীপঙ্কর। তার মনে হয়েছিল বুঝি তার নিজের ট্রেনটিই ছেড়ে দেওয়ার সংকেত দিচ্ছে। প্লাটফর্ম থেকে নামার পর একটু তাড়াহুড়ো করে লাইন পার হতে গেলেই চোখের পলকে ধেয়ে আসা লৌহদানব তার সব স্বপ্ন পিষে দিয়ে চলে যায়। মুহূর্তের মধ্যে কোলাহলপূর্ণ স্টেশন চত্বর ভারী হয়ে ওঠে এক গভীর শোকে।
খবর পেয়ে বালাসীঘাট থেকে রেলওয়ে পুলিশ ফাঁড়ির দল ঘটনাস্থলে ছুটে আসে। ততক্ষণে রক্তে ভিজে গেছে স্টেশনের কংক্রিট। পুলিশের সুরতহাল প্রতিবেদনে উঠে আসে এক ছিন্নভিন্ন শরীরের চিত্র—ভেঙে যাওয়া পা আর মাথায় আঘাত নিয়ে নিথর পড়ে ছিল একটি তরতাজা প্রাণ।
বোনারপাড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হাসান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। অভাবের তাড়নায় খেটে খাওয়া নিহতের পরিবারটির কোনো অভিযোগ বা দাবি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
একটিমাত্র অসাবধানতা ও সামান্য ভ্রান্ত ধারণা একটি তরতাজা প্রাণকে চিরতরে নিভিয়ে দিল। রেললাইনের সামান্য উন্মুক্ত স্থান ও ক্রসিংয়ে একটুখানি অবহেলা কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, কামারপাড়ার এই করুণ ঘটনা তারই এক নির্মম ও হৃদয়বিদারক উদাহরণ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com