নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:সাব্বির অর্নব: | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৭৪ বার পঠিত | পড়ুন মিনিটে
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিশগিরিপাড়া গ্রামের মেধাবী সন্তান মোঃ জাহাঙ্গীর আলম ৪৫তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হওয়ায় তাকে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়েছে। স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘নব-জাগরণ যুব সংঘ’-এর উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশগিরিপাড়া গ্রামের স্থানীয় প্রাঙ্গণে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশগিরিপাড়া আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম জনাব মোঃ সামিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তারা বলেন, মোঃ জাহাঙ্গীর আলমের এই অভাবনীয় সাফল্য শুধু তার নিজের বা পরিবারের নয়, বরং পুরো নালিতাবাড়ী উপজেলা তথা শেরপুর জেলার জন্য এক বিশাল অর্জন ও গৌরবের বিষয়। তার এই কৃতিত্বপূর্ণ সাফল্য এলাকার তরুণ সমাজকে উচ্চশিক্ষা ও দেশের সেবা করার ব্রতে আরও বেশি অনুপ্রাণিত করবে।
প্রত্যন্ত অঞ্চল থেকে কঠোর সংগ্রাম ও মেধার বলে বিসিএস ক্যাডার হয়ে তিনি প্রমাণ করেছেন যে, ইচ্ছা শক্তি ও অধ্যাবসায় থাকলে প্রতিকূলতাকে জয় করা সম্ভব।
নব-জাগরণ যুব সংঘের মোঃ আবদুল্লাহ আল-মামুন-র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মাহমুদুল হাসান শিমুল, মোঃ আল-আমিন ও মোঃ দুলাল মিয়া এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কুরবান আলী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ৫নং রামচন্দ্রকুড়া ইউপি সদস্য মোঃ উসমান গনি এবং ৫নং রামচন্দ্রকুড়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় যুব সমাজের প্রতিনিধিরা।
সংবর্ধিত অতিথি মোঃ জাহাঙ্গীর আলম তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে নব-জাগরণ যুব সংঘ ও এলাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আজকের এই ভালোবাসা ও সম্মান আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল।
আগামী দিনে দেশ ও দশের কল্যাণে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠান শেষে নব-জাগরণ যুব সংঘের পক্ষ থেকে নব-নিযুক্ত প্রশাসন ক্যাডার কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং তার ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com