এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৯ বার পঠিত | পড়ুন মিনিটে
জেলা ব্যাপী লেখক, বুদ্ধিজীবী, কবি, শিল্পী, সাহিত্যিক, মানবাধিকারকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের পেশাগত মানোন্নয়ন এবং সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কুড়িগ্রামে ৭১ সদস্যবিশিষ্ট ‘কুড়িগ্রাম জেলা শিল্পী কল্যাণ সোসাইটি’র নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সহকারী অধ্যাপক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক ও বুদ্ধিজীবী এবং জেলা প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম অনিরুদ্ধ রেজাকে সভাপতি, বিশিষ্ট সংগীতশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক মো. আজাদ আলীকে সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট মানবাধিকারকর্মী ও সমাজসেবক জুলফিকার আলী আহমেদ লিপনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টায় কুড়িগ্রাম-চিলমারী সড়কসংলগ্ন জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংগঠনের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কমিটি ঘোষণা করা হয়।
অরাজনৈতিক এ সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সমাজসেবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আলতাফ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক, গবেষক ও সমাজসেবক রফিকুল হায়দার, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের কুড়িগ্রাম জেলা সভাপতি মো. রফিকুল ইসলাম রানা, শিল্পপতি ও সমাজসেবক রেজাউল কবীর রানু, শিল্পপতি ও সমাজসেবক আতাউর রহমান আতা এবং সংগীতশিল্পী, সমাজসেবক ও এনজিও কর্মী মোছা. আলেয়া খাতুন।
সংগঠনের অন্যতম উপদেষ্টা মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে কমিটি ঘোষণা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং জেলার লেখক, শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পেশাগত ও সামাজিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।
নবগঠিত এ সংগঠনের মাধ্যমে জেলার সৃজনশীল ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের ঐক্যবদ্ধ করা, তাঁদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com