গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: | রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৪ বার পঠিত | পড়ুন মিনিটে
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি গোয়াইনঘাট থেকে উত্তর হাতিরপাড়া পর্যন্ত ইসিএভুক্ত বালির হাওর ও নাইন্দার হাওর, মুকতলা, বাংলাবাজার, নয়াগাঙেরপাড় ও বুধিগাঁও এলাকায় পরিচালিত হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১৭টি লিস্টার মেশিন ও ৩টি জেনারেটর ধ্বংস করে অকার্যকর করা হয়। এ ছাড়া বালুভর্তি দুটি বাল্কহেড/স্টিলবডির ইঞ্জিন বিকল করে দেওয়া হয়।
এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দুজনের কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিছ অভিযানটি পরিচালনা করেন। এ সময় গোয়াইনঘাট থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়াইনঘাটের পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com