মাসুদ রায়হান | শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১৩০২ বার পঠিত | পড়ুন মিনিটে
বর্তমানে অনেক কিশোর-কিশোরী যখন অনলাইনে সময় কাটাতে ব্যস্ত, ঠিক তখনই ভিন্ন এক দৃষ্টান্ত স্থাপন করছে যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একদল কিশোরী। পড়াশোনার পাশাপাশি প্রতিদিন বিকেলে বিদ্যালয়ের মাঠে হ্যান্ডবল অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছে তারা।
বিকেল হলেই বিদ্যালয়ের মাঠে দেখা যায় মেয়েদের প্রাণবন্ত হ্যান্ডবল অনুশীলন। কারও চোখে জয়ের স্বপ্ন, কারও মনে দেশের হয়ে খেলার প্রত্যয়। তাদের লক্ষ্য শুধু ভালো খেলোয়াড় হওয়া নয়—একদিন জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করে দেশের জন্য সম্মান বয়ে আনা।
পুরুষতান্ত্রিক সমাজে নানা প্রতিকূলতার মধ্যেও নিয়মিত খেলা চালিয়ে যাচ্ছে তারা। শুরু থেকেই খেলাধুলা নিয়ে অনেকের কটূক্তি ও নেতিবাচক মন্তব্য শুনতে হয়েছে। তবে সেসব কথায় কান না দিয়ে নিজেদের লক্ষ্যে অবিচল রয়েছে এই কিশোরীরা।
খেলোয়াড়রা জানান, খেলাধুলার প্রতি তাদের পরিবারের সদস্যদের উৎসাহ ও সমর্থন রয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ শহিদুল ইসলামের নিরলস প্রচেষ্টায় তারা নিয়মিত হ্যান্ডবল অনুশীলনের সুযোগ পাচ্ছে।
ক্রীড়া শিক্ষক মোঃ শহিদুল ইসলাম বলেন, “আমার বিদ্যালয়ের মেয়েদের নিয়ে আমি অনেক প্রত্যাশা করি। তারা নিয়মিত অনুশীলন করছে এবং নিজেদের দক্ষতা বাড়ানোর চেষ্টা করছে। আমার বিশ্বাস, একদিন তারা দেশের হয়ে খেলবে এবং দেশের জন্য সুনাম বয়ে আনবে।”
গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসব কিশোরী যেন প্রমাণ করে চলেছে—সুযোগ ও সহযোগিতা পেলে মেয়েরাও পারে। তাদের হাতে হ্যান্ডবল, চোখে স্বপ্ন আর মনে দৃঢ় প্রত্যয়। এই স্বপ্ন একদিন তাদের নিয়ে যাবে জাতীয় ক্রীড়াঙ্গনের বড় মঞ্চে—এমন প্রত্যাশা শিক্ষক, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com