চট্টগ্রাম প্রতিনিধি: | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৬ বার পঠিত | পড়ুন মিনিটে
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় নাশকতা ও অগ্নিসংযোগের পরিকল্পনার অভিযোগে মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু মোহাম্মদ মহিউদ্দীন এবং মো. লিটন প্রকাশ ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন পুলিশ বক্সের এসআই (নিঃ) মোঃ ইমরান হোসেন বাদী হয়ে মামলাটি করেন। এজাহারে ৫৬ জনের নাম আছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
অভিযান ও গ্রেপ্তার
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দেশীয় অস্ত্র ও অগ্নিসংযোগের সরঞ্জাম নিয়ে একটি চক্র গোপন বৈঠক করে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই শিশুও রয়েছে বলে পুলিশ জানায়।
গ্রেপ্তারকৃতরা হলেন আদনান আহমেদ শামীম (২০), মোঃ আরিফ (৩৬), রবিন (১৯) ও মোঃ হৃদয় হোসেন (২০)। অভিযানে ১১টি বাঁশের মশাল এবং ১৫টিরও বেশি বাঁশ ও কাঠের লাঠি জব্দ করা হয়।
পলাতক আসামিরা
এজাহারভুক্ত বাকি ৫১ আসামি পলাতক। পুলিশের দাবি, তাঁরা নেপথ্যে থেকে অর্থ ও অস্ত্র সরবরাহ করছিলেন। এজাহারে উল্লেখ করা অন্যতম আসামিরা:
• আবু মোহাম্মদ মহিউদ্দীন, সাংগঠনিক সম্পাদক, নগর যুবলীগ
• মো. লিটন প্রকাশ ‘সোর্স লিটন’, মুক্তিযোদ্ধা কলোনি এলাকা
• দিদার আলম চৌধুরী প্রকাশ ‘লেন্ড দিদার’, যুবলীগ নেতা (অর্থায়নের অভিযোগ)
• নাজিম উদ্দিন ।প্রকাশ ‘কানা নাজিম’, সাধারণ সম্পাদক, ২নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ সি ইউনিট
• আবদুল মালেক (ওয়ার্ড সভাপতি) ও হুমায়ন (সাধারণ সম্পাদক)
• মোস্তফিজুর রহমান লিটন প্রকাশ ‘ভিপি লিটন’
• গোলাম রসুল সাদ্দাম, যুবলীগ নেতা
• সেলিম উদ্দিন জয়, সাবেক পাঠাগার সম্পাদক, নগর ছাত্রলীগ
• আশিকুর রহমান খোকন প্রকাশ ‘বোমা খোকন’
• আব্দুল কুদ্দুস বাপ্পি প্রকাশ ‘কানা কুদ্দুস’
এদিকে স্থানীয় একাধিক সূত্রের অভিযোগ, চার্জশিট থেকে কয়েকজন আসামির নাম বাদ দিতে অর্থের লেনদেন ও তদবির শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, এ ক্ষেত্রে সরকার দলীয় কয়েকজন স্থানীয় নেতাও তদবির ও মধ্যস্থতা করছেন। এ নিয়ে এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে।
তদবির বিষয়ে জানতে বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল হারুনের নিকট জানতে চাইলে তিনি বলেন,থানা কমিটি বিলুপ্ত, দলের ওয়ার্ড কমিটির নাম ভাঙিয়ে কেউ হয়তো এইসব করছে, আপনারা যেমন শুনছেন,আমিও এমনটা এলাকায় শুনতে পাচ্ছি।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সন্ত্রাসবিরোধী আইনে মামলা নথিভুক্ত হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com