সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোল্লা: | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৮৫ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুরের চারটি চরের শত শত বাড়ি ঘরসহ কয়েক হাজার বিঘা ফসলি জমি প্রমওা পদ্মায় বিলীন হলেও চরের মাটিতে সবুজ ফসলের সমারোহ দেখে খুশী আত্মহারা কৃষাণীরা। আগাম ফুলকপি চাষে লাভের আশায় ব্যস্ত সময় পার করছেন ফরিদপুর চরাঞ্চলের কৃষকেরা।
অনুকূল আবহাওয়ায় এবার ফলনও ভালো হয়েছে। বিশেষ করে জেলার সদর উপজেলার ভাটী এলাকা গোয়ালন্দের উজানচর ও ফরিদপুরের মাইজা মিয়ার ডাঙ্গী ও কামারডাঙ্গী এলাকায় ব্যাপকভাবে আবাদ হয়েছে আগাম জাতের ফুলকপি। কয়েক দিনের মধ্যেই এসব ফুলকপি বাজারে উঠতে শুরু করবে। পালন শাক ও বিভিন্ন জাতের সবুজ সবজিতে ভরে উঠছে বালুময় চর।
তবে বীজ, সার ও কীটনাশকের বাড়তি দামে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত লাভ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা।
সবজি উৎপাদনের জন্য পরিচিত ফরিদপুরের সদর থানার কানাইপুর,অম্বিকাপুর,চরমাদবদিয়া,নর্থচ্যানেল,ডিক্রিচর,সদরপুরের হাট কৃষ্ণপুর,নিজগ্রাম,যাত্রাবাড়ী, চরভদ্রাসনের চরঅযোদ্বা, হরিরামপুর,সদর ও উপজেলার চারটির বৃহত্তর চরএলাকা। এসব এলাকায় সারা বছরই ফুলকপি, বাঁধাকপি, মূলা, পেঁপে, করলা, লাউ, শিমসহ বিভিন্ন ধরনের সবজি উৎপাদিত হয়। এখানকার সবজির গুণগত মান ও স্বাদের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে চাহিদা রয়েছে।
তবে মৌসুমের শুরুতে দাম বেশি পাওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে আগাম সবজি চাষের দিকে ঝুঁকছেন কৃষকেরা।
সম্প্রতি কবিরপুর চর,৩৮ দাগ,মোহনের হাট নতুন ও পুরান,কবিরপুর এবং সদরপুরের আকট এলাকায় সরেজমিনে দেখা যায়, বিস্তীর্ণ জমি ফুলকপির সবুজ পাতায় ছেয়ে গেছে। গাছের পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা। তাঁদের আশা, কয়েক দিনের মধ্যেই জমিগুলো সাদা ফুলকপিতে ভরে উঠবে।
এদিকে নর্থচ্যানেল মাইজা মিয়ারডাঙ্গীর প্রত্যন্ত দূর্গম চর এলাকায় শত শত বিঘা মিষ্টি কুমড়া, পাতা কপি,ফুলকপি, শালগম,সহ বহুজাতিক শাক-সবজি তে ভরে উঠছে মাঠ। এলাকার কৃষক আরমান বলেন, ‘আমাদের এলাকা সবজি চাষের জন্য বিখ্যাত। তবে ফুলকপিতে লাভ বেশি। বিশেষ করে আগাম ফুলকপি সাধারণ সময়ের তুলনায় প্রায় তিন গুণ বেশি দামে বিক্রি হয়। গত বছর ভালো লাভ হওয়ায় এবার কৃষকেরা বেশি জমিতে ফুলকপি আবাদ করেছেন। ’
তিনি জানান, ইতিমধ্যে বাজারে লালশাক, মূলাশাক, মূলা, বেগুন ও লাউ উঠতে শুরু করেছে।কয়েক দিনের মধ্যেই ফুলকপিও বাজারে নেওয়া হবে। ভালো দাম পাওয়ার আশা করছেন তিনি।কৃষক রাশেদ মিয়া বলেন, ‘আমি তিন মৌসুমে ফুলকপি আবাদ করি। আগাম, মধ্যম ও নাবি জাতের ফুলকপি চাষ করি। এ বছর দশ বিঘা জমিতে আগাম ফুলকপি লাগিয়েছি। প্রতি বিঘায় প্রায় ৭০ হাজার টাকা খরচ হচ্ছে। বাজারদর ভালো থাকলে প্রতি বিঘার ফুলকপি ৯০ থেকে ৯৯ হাজার টাকায় বিক্রি করতে পারব।
তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভের পরিমাণ কমছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, বীজের দাম অস্বাভাবিক বেশি। বীজের বাজারে সিন্ডিকেট না থাকলে দাম আরও কম হতো। এ ছাড়া সার ও কীটনাশকসহ কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় কৃষকেরা চাপে পড়েছেন।
কৃষি বিভাগের সহায়তা নিয়েও অসন্তোষ প্রকাশ কৃষক রবিউল বলেন, ‘কৃষি অফিসের লোকজন পরামর্শ ছাড়া তেমন কিছুই দেন না। কিন্তু আমাদের কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করতে হবে। ’তিনি জানান, তাঁদের উৎপাদিত ফুলকপি ঢাকার কারওয়ান বাজার, বাইপাইল ও যাত্রাবাড়ীর আড়তের ব্যবসায়ীরা সরাসরি এসে কিনে নিয়ে যান। উৎপাদন কম হলে স্থানীয় আড়তে বিক্রি করেন কৃষকেরা।
একই এলাকার কৃষক আবদুর রহমান জানান, বিদেশে গিয়ে প্রত্যাশা পূরণ না হওয়ায় দেশে ফিরে কৃষিকাজ শুরু করেন তিনি। বর্তমানে কৃষিকাজ করেই ভালো আছেন। আগাম ফুলকপিতে লাভ বেশি হওয়ায় এলাকার অনেক কৃষক এ চাষে আগ্রহী হচ্ছেন। পাশাপাশি অন্যান্য সবজিও ব্যাপকভাবে উৎপাদিত হচ্ছে।
ফরিদপুর হাজী বাজারের কাঁচামালের আড়তদার শাসমচেল বলেন, ‘চরের ফুলকপির চাহিদা অনেক বেশি। এখানকার সবজি বাজারে থাকলে অন্য জেলার সবজি তুলনামূলক কম বিক্রি হয়। চরের সবজির দামও বেশি, চাহিদাও বেশি। ’
এদিকে, সবজি চাষের মৌসুমে কবিরপুরে কাজ করতে আসেন দেশের বিভিন্ন জেলার কৃষিশ্রমিকেরা। রংপুর থেকে আসা কৃষিশ্রমিক আজম, কাজেম জানান, প্রতিবছর এ সময় তাঁরা ফরিদপুরে আসেন। প্রায় ছয় থেকে সাত মাস বিভিন্ন কৃষকের জমিতে কাজ করেন।
তাঁরা বলেন, ‘এখানে মজুরি বেশি। থাকা-খাওয়ার ব্যবস্থাও ভালো। আমাদের এলাকায় মজুরি তুলনামূলক কম। তাই প্রতিবছর কাজের জন্য ফরিদপুরে আসি। ’ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ফরিদপুরে মোট ২৪ হাজার ১২৭ হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় তিন হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে আগাম জাতের সবজি।
ফরিদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকায় এবার আগাম ফুলকপির ফলন ভালো হয়েছে। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী পরিচর্যা করায় পোকামাকড়ের আক্রমণও হয়নি।
তিনি আরও জানান, আগাম সবজি চাষে তুলনামূলক বেশি লাভ হওয়ায় ফরিদপুরে প্রতিবছরই এ ধরনের সবজির আবাদ বাড়ছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com