শফিকুল ইসলাম বাদল | সোমবার, ১০ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ২৯৯ বার পঠিত | পড়ুন মিনিটে
‘বই পড়ি, দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলার উদ্যোগ ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া কর্মসূচি।
কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১০ আগস্ট) সকালে নবীনগর পৌর এলাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসা পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ।পরিদর্শনকালে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক। এ সময় তিনি বই পড়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও চিন্তার বিকাশ ঘটে, সৃজনশীলতা বাড়ে এবং দেশ ও জাতির প্রতি দায়িত্ববোধ তৈরি হয়।
তিনি ‘সেরা পাঠকের খোঁজে’ কর্মসূচির চারটি মূল লক্ষ্য—নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞান-চিন্তা ও দক্ষতা বৃদ্ধি, জ্ঞানভিত্তিক সমাজ গঠন এবং পাঠসংস্কৃতি প্রতিষ্ঠা—শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, “বই পড়ার মাধ্যমেই একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার পাশাপাশি দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. আবু তালেব, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আল মামুন, নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিনিধিরা।বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে জ্ঞানমূলক, সৃজনশীল ও মননশীল বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে ‘সেরা পাঠকের খোঁজে’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগের মাধ্যমে মেধাবী, সৃজনশীল ও জ্ঞানপিপাসু পাঠক তৈরির পাশাপাশি সমাজে পাঠসংস্কৃতি আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কর্মসূচিটি সফল করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com