আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক : | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৮৫ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নে দীর্ঘদিনের দু’টি কাঁচা রাস্তা সিসি (সিমেন্ট-কংক্রিট) ঢালাইয়ের মাধ্যমে পাকা করায় স্থানীয় জনগণের মাঝে আনন্দের জোয়ার বইছে। উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় এই দু’টি গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় দীর্ঘদিনের ভোগান্তি থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পথচারীসহ গ্রামবাসীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে কাদা-পানিতে একাকার হয়ে যাওয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জামুডাঙ্গা গ্রামে এই রাস্তা দু’টি দিয়ে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হতো স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ পথচারীদের। বিশেষ করে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া কিংবা কৃষিপণ্য বাজারে তোলার ক্ষেত্রে এলাকার মানুষকে অবর্ণীয় কষ্ট সহ্য করতে হতো। ২০২৫-২০২৬ অর্থ বছরে রাস্তা দু’টির মোট ৪শ’ ৮৯ ফিট সিসি ঢালাই কাজে সরকারের উন্নয়ন সহায়তা তহবিল থেকে ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের ৪শ’ ৮৯ ফিট রাস্তার মধ্যে ইট সংকটের কারণে ১০ফিট বাকী রেখে গত শনিবার কাজ সম্পন্ন করা হয়। এর ফলে এখন খুব সহজেই যানবাহন ও পথচারীরা যাতায়াত করতে পারছেন।
রাস্তা পাকা হওয়ায় সন্তোষ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, “আগে একটু বৃষ্টি হলেই এই রাস্তা দু’টিতে হাঁটা যেত না। এখন রাস্তা সিসি ঢালাই হওয়ায় তাদের যাতায়াতের কষ্ট দূর হয়েছে। এলাকা অর্থনৈতিক ও সামাজিকভাবে আরও এগিয়ে যাবে বলে তারা আশা প্রকাশ করেন।”
ওই ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান, “এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বাকী অংশের ১০ ফিটের কাজও দ্রুত সম্পন্ন করা হবে।অবহেলিত এই জনপদের মানুষের মুখে হাসি ফোটাতে পেরে জনপ্রতিনিধি হিসেবে আমি গর্বিত। আগামীতেও এলাকার অবশিষ্টাংশ কাঁচা রাস্তাগুলোর উন্নয়নে আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
উন্নয়ন সহায়তা তহবিলের সঠিক ব্যবহারে গ্রামীণ অবকাঠামোর এই আমূল পরিবর্তন আসায় স্থানীয় সুধীসমাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com