শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

‘আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত পরিবেশ চাই’: ডিসি জাহিদ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত পরিবেশ চাই’: ডিসি জাহিদ

‘আমরা আগামী প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে যেতে চাই না। তাদের জন্য একটি সুন্দর, সুস্থ ও বাসযোগ্য পরিবেশ তৈরি করে যেতে চাই। আমরা যেন সব সুযোগ-সুবিধা ভোগ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে না যাই। পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্ন রাখা শুধু একটি প্রতিষ্ঠান বা বিভাগের দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব।’

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা শনিবার চট্টগ্রাম রেলস্টেশন ও জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ এলাকায় আয়োজিত বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ‘আমরা সবাই চাই, রেলস্টেশনসহ জনবহুল জায়গাগুলো দুর্গন্ধমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুক। কিন্তু এসব জায়গা পরিষ্কার রাখবে কে? এটি কি শুধু একজন কর্মকর্তা বা কর্মচারীর দায়িত্ব? এসব জায়গা পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার।’

‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ স্লোগানে জেলা প্রশাসন ও বাংলাদেশ রেলওয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। পুরোনো রেলস্টেশন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে নতুন রেলস্টেশন ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। পরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ চত্বরে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

জেলা প্রশাসক বলেন, চট্টগ্রামকে নান্দনিক রূপ দিতে গত জুলাই থেকে জেলা প্রশাসন সরকারি বিভিন্ন দপ্তর, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করছে। শুধু একটি বিভাগ বা প্রতিষ্ঠানের পক্ষে পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যকর রাখা সম্ভব নয়। এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে।

নাগরিক সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘আমরা যদি সবার মধ্যে দায়িত্ববোধ তৈরি করতে না পারি, তাহলে এই কার্যক্রমের সুফল ধরে রাখা সম্ভব হবে না। আমি গাছ লাগালাম বা কোনো জায়গা পরিষ্কার করলাম, কিন্তু সেটি সুন্দরভাবে রাখার দায়িত্ব সবার। কেউ কোনো জায়গা অপরিষ্কার করলে তাঁকে সচেতন করতে হবে।’

জনবহুল স্থানের পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, চট্টগ্রামের পুরোনো রেলস্টেশন একটি ঐতিহাসিক স্থাপনা। এখানে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। তাঁদের মধ্যে বয়স্ক ব্যক্তি, শিশু ও শারীরিকভাবে দুর্বল মানুষও রয়েছেন। অপরিচ্ছন্ন পরিবেশের কারণে তাঁরা যাতে স্বাস্থ্যঝুঁকিতে না পড়েন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রাম রেলস্টেশনে প্রতিদিন প্রায় ৩০ হাজার মানুষ যাতায়াত করেন। এ কারণে স্টেশন ও আশপাশের এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগের কথা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে গত ১২ সেপ্টেম্বর জেলার প্রায় দুই হাজার মসজিদ প্রাঙ্গণ পরিষ্কার করা হয়। এরপর থেকে প্রতি শনিবার জেলার বিভিন্ন উপজেলায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম চলছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই জেলার বিভিন্ন সরকারি ভবনের ছাদ পরিষ্কার করে প্রায় ১৩৫ মেট্রিক টন ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পরে জিয়া স্মৃতি কমপ্লেক্স, পতেঙ্গা সমুদ্রসৈকত, নগরের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ ও প্রায় দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

এ ছাড়া জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ, সিআরবি, জিয়া স্মৃতি কমপ্লেক্স ও স্বাধীনতা কমপ্লেক্সসহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাকে পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় আনা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

চট্টগ্রামকে সবুজ নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগের কথা উল্লেখ করে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘আমরা ইতিমধ্যে এক দিনে এক লাখ গাছ লাগিয়েছি। গাছগুলো বেঁচে আছে এবং বেড়ে উঠছে। আমরা চাই, আগামী প্রজন্ম যেন আমাদের দোষারোপ করতে না পারে যে আমরা সব সুযোগ-সুবিধা ভোগ করেছি, অথচ তাদের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে গিয়েছি।’

পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই পরিবেশে আমি যেমন বেড়ে উঠি, অন্যরাও তেমনি বেড়ে ওঠেন। পরিবেশের প্রভাব সবার ওপরই পড়ে। তাই প্রত্যেকের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ প্রয়োজন। সবাইকে সঙ্গে নিয়েই আমরা নান্দনিক, পরিচ্ছন্ন ও সবুজ চট্টগ্রাম গড়ে তুলতে চাই।’

অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের পাহাড়তলীর বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁঞা বলেন, রেলস্টেশন ও আশপাশের জনবহুল এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পরিচ্ছন্নতাকর্মীদের কাজ নিয়মিত তদারকি করা জরুরি। পাশাপাশি যাত্রী ও সেবাগ্রহীতাদেরও সচেতন হতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় স্টেশন ও স্মৃতিস্তম্ভ এলাকার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা সম্ভব।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকতসহ জেলা প্রশাসন ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com