গোয়াইনঘাট প্রতিনিধি: | রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ২০৪ বার পঠিত | পড়ুন মিনিটে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের নয়ানগর এলাকায় চলাচলের কাঁচা রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা আবুল হোসেন (৫২) গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, নয়ানগর গ্রামের বাসিন্দা আবুল হোসেনের বাড়ির উত্তর দিকে থাকা কাঁচা রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে পাশাপাশি ঘরের কয়েকজনের সঙ্গে বিরোধ চলে আসছিল। অভিযোগকারী জানান, বিরোধটি স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।
অভিযোগে বলা হয়, গত ১ আগস্ট ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে আজির উদ্দিন, সোনাবান বেগম, নাজমা বেগম ও রাজু আহমদসহ কয়েকজন ওই রাস্তার সামনে বাঁশের বেড়া দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ সময় কারণ জানতে চাইলে তাকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ করেন আবুল হোসেন।
অভিযোগকারীর আরও দাবি, তিনি প্রতিবাদ করলে অভিযুক্তদের কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে প্রাণনাশের হুমকি দেন। বাঁশের বেড়া দেওয়ার কারণে তিনি ও তার পরিবারের সদস্যদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
আবুল হোসেন অভিযোগে আরও উল্লেখ করেন, ভবিষ্যতে সুযোগ পেলে তাকে ও তার পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।
এ ঘটনায় এলাকার লোকজনকে জানিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করেও সমাধান না হওয়ায় তিনি গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং চলাচলের রাস্তা উন্মুক্ত করার দাবি জানানো হয়েছে।
তবে অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের বক্তব্য মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায় তাই তাদের বক্তব্য পাওয়া যায়নি। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল বলেন, ‘এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com