নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৫৭১ বার পঠিত | পড়ুন মিনিটে
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিণানী বাজারের প্রাণকেন্দ্রে দিনের আলোতেই ঘটে গেছে এক দুর্ধর্ষ চুরির ঘটনা। লস্কর মার্কেট সংলগ্ন ‘নূর জান্নাত মার্কেট’-এর একটি দোকানে সংঘটিত এই চুরির পুরো দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ৫ থেকে ৬ জনের একটি সুসংগঠিত চোরচক্র দোকানে হানা দেয়। চুরির সময় পুরো চক্রটি অত্যন্ত পরিকল্পিতভাবে কাজ পরিচালনা করে। দলের দুইজন সদস্য রাস্তার দুই পাশে অবস্থান নিয়ে পাহারা দেয়, যেন কেউ টের না পায়। এ সময় একজন সাটার বা দরজার তালা কাটার কাজ করে এবং অন্য এক সদস্য লুঙ্গি মেলে ধরে দৃশ্যটি ঢেকে রাখার চেষ্টা করে।
তালা কাটার পর চোরচক্রটি কৌশলগতভাবে কিছুক্ষণ সেখান থেকে সরে যায়। পরিস্থিতি স্বাভাবিক বুঝে তারা পুনরায় ফিরে এসে দোকানে প্রবেশ করে এবং মালামাল লুটপাট চালায়। তারা দোকান থেকে নগদ টাকা ও দামি টাচ মোবাইলসহ বিপুল পরিমাণ মালামাল নিয়ে সচ্ছন্দে কেটে পড়ে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকের দাবি, চোরচক্র দোকান থেকে নগদ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা এবং মূল্যবান মালামালসহ সর্বমোট প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে।
জনসংকুল স্থানে দিনের বেলা সিসিটিভি ক্যামেরার তোয়াক্কা না করে এমন দুর্ধর্ষ চুরির ঘটনা ছড়িয়ে পড়ায় তিণানী বাজারের ব্যবসায়ীদের মাঝে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সিসিটিভি ফুটেজের সুস্পষ্ট প্রমাণ সাপেক্ষে অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। একই সাথে বাজারে নিরাপত্তা জোরদারে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com