ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৭১ বার পঠিত | পড়ুন মিনিটে
পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ বিতরণে অনিয়ম, স্যালাইন সেট ও সিরিঞ্জ পুনর্ব্যবহার এবং চিকিৎসকদের নিয়মিত রাউন্ডে না আসার অভিযোগ উঠেছে। এতে হাসপাতালটিতে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি বাড়ছে। সার্বিক চিকিৎসাব্যবস্থা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।
রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, হাসপাতালের বহির্বিভাগে (আউটডোর) সরকারি ওষুধ থাকার কথা থাকলেও দীর্ঘ সময় অপেক্ষার পরও প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাচ্ছে না। অনেককে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর জানিয়ে দেওয়া হচ্ছে, ওষুধ শেষ হয়ে গেছে। ফলে বাধ্য হয়ে বাইরের ফার্মেসি থেকে অতিরিক্ত দামে ওষুধ কিনতে হচ্ছে রোগীদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সরবরাহ ও বিতরণ নিয়ে এর আগেও একাধিকবার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, সরকারি বরাদ্দের ওষুধ পর্যাপ্ত পরিমাণে সরবরাহ থাকলেও রোগীদের মধ্যে সেগুলো যথাযথভাবে বিতরণ করা হয় না। বরং একটি চক্র বিভিন্ন সময়ে এসব ওষুধ বাইরে বিক্রি করছে বলে দীর্ঘদিন ধরে এলাকায় আলোচনা রয়েছে।
এদিকে, গত ৫ আগস্টের পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালায় বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, অভিযানের সময় হাসপাতালের বহির্বিভাগ থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ জব্দ করা হয়। ওই ঘটনার পর দুই চিকিৎসকের নামেও মামলা হয়েছিল বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।
শুধু ওষুধ বিতরণ নয়, হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রেও গুরুতর অভিযোগ করেছেন রোগীরা। তাদের অভিযোগ, একবার ব্যবহারের পর খুলে রাখা স্যালাইন সেট পুনরায় ব্যবহার করা হচ্ছে। এমনকি একই সিরিঞ্জ একাধিকবার ব্যবহারের অভিযোগও করেছেন কেউ কেউ। এতে রোগীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে বলে আশঙ্কা করছেন তারা।
রোগীদের আরও অভিযোগ, হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসকদের নিয়মিত রাউন্ডে আসার কথা থাকলেও অনেক সময় তারা নির্ধারিত সময়ে আসেন না। ফলে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ পেতে রোগীদের অপেক্ষা করতে হচ্ছে। জরুরি মুহূর্তেও চিকিৎসাসেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন অনেকে।
সব মিলিয়ে সরকারি ওষুধের যথাযথ বিতরণ, চিকিৎসা সরঞ্জামের নিরাপদ ব্যবহার এবং চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান নিয়ে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com