শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সব ধর্মের মানুষকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চায় সরকার :- বিজন কান্তি সরকার

চট্টগ্রাম প্রতিনিধি:   |   শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সব ধর্মের মানুষকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চায় সরকার :- বিজন কান্তি সরকার

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ গোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রী বিশেষ সহকারী বিজন কান্তি সরকার বলেছেন,সব ধর্মের মানুষকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চায় সরকার।ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিশেষ সহকারী বলেন, আমরা সবাই বাংলাদেশী, আমাদের চিন্তা সবার আগে বাংলাদেশ। ধর্ম যার যার, রাষ্ট্র সবার,এই মূল্যবোধ ধারণ করেই ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে।বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহাবস্থানের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সকল সম্প্রদায়ের কল্যাণে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি।

বিশেষ সহকারী আরো বলেন, বিএনপির রাজনীতিতে সব ধর্মের মানুষের মূল্যবোধ, অধিকার ও মর্যাদাকে গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রী বিভিন্ন ধর্মীয় ও জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তাদের বক্তব্য ও প্রত্যাশা শুনছেন। দীর্ঘদিন প্রতিকূল পরিস্থিতির কারণে সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় থাকা ব্যক্তিদের পুনরায় সম্পৃক্ত করে তৃণমূল পর্যায়ে নতুন নেতৃত্ব ও কর্মী গড়ে তুলতে হবে।দীর্ঘদিন সংগঠনের জন্য কাজ করা নেতাকর্মীদের অভিজ্ঞতা ও অবদানের যথাযথ মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে যোগ্যতা, দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতার ভিত্তিতে নতুনদের সুযোগ দিতে হবে।বিএনপির মূলধারার রাজনীতি ও অঙ্গসংগঠনগুলোতে সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব আরো বাড়ানো প্রয়োজন।

মতপার্থক্য ও প্রতিযোগিতাকে সাংগঠনিক কর্মকাণ্ডের স্বাভাবিক অংশ উল্লেখ করে সহকারী বলেন, কোনো অবস্থাতেই তা যেন পারস্পরিক অসম্মান কিংবা বিভেদের কারণ না হয়। আলোচনা, আত্মসমালোচনা ও অভিজ্ঞ নেতাদের পরামর্শের মাধ্যমে সাংগঠনিক বিরোধ নিষ্পত্তি করতে হবে।

মতবিনিময় সভায় উদ্বোধনী বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন,সংগঠনকে শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলতে হবে। ব্যক্তিগত পছন্দ,অপছন্দ, গ্রুপিং কিংবা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি পরিহার করে দলের সিদ্ধান্ত ও নেতৃত্বের নির্দেশনা অনুসরণ করতে হবে।শুধু সভা সমাবেশে সীমাবদ্ধ না থেকে মানুষের ঘরে ঘরে গিয়ে নতুন কর্মী ও নেতৃত্ব তৈরি করতে হবে। সনাতন, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অনেকেই বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হতে আগ্রহী। তাঁদের স্বাগত জানিয়ে সাংগঠনিক কর্মকাণ্ডে যথাযথ দায়িত্ব ও সুযোগ দিতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপিকে শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে হবে। ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি ও গ্রুপিং পরিহার করে দলের সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপ্লব চৌধুরী বিল্লুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুশীল বড়ুয়া, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব ধর তমাল, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব পার্থ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অর্জুন কুমার নাথ এবং যুগ্ম মহাসচিব বিশ্বজিৎ দত্ত বাবু।

সভায় বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com