হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: | রবিবার, ০২ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১৪৯ বার পঠিত | পড়ুন মিনিটে
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের বিভিন্ন অংশ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। বড় বড় গর্ত ও খানাখন্দ বৃষ্টির পানিতে ঢেকে থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়ক দিয়ে চলাচলকারী হাজারো যাত্রী ও চালককে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের বিভিন্ন স্থানে পিচ ও কার্পেটিং উঠে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে হাতীবান্ধা সাব-রেজিস্ট্রার ও হাতীবান্ধা অডিটোরিয়াম বাজার অফিসসংলগ্ন অংশের অবস্থা সবচেয়ে নাজুক। টানা বর্ষণে এসব রাস্তা গর্ত পানিতে তলিয়ে থাকায় চালকদের পক্ষে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থায়ী সংস্কারের অভাবে ছোট ছোট গর্ত বড় আকার ধারণ করেছে। ভারী যানবাহনের চাপ, অতিবৃষ্টি এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে সড়কের অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে।
এই মহাসড়ক দিয়ে প্রতিদিন শত শত পণ্যবাহী পাথরবাহী ট্রাক, দূরপাল্লার বাস, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স, অটোরিক্সা মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। বড় গর্ত এড়িয়ে চলতে গিয়ে অনেক চালককে বিপরীত লেনে উঠতে হচ্ছে, যা মুখোমুখি সংঘর্ষের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
অনেক স্থানে যানবাহনকে ধীরগতিতে একপাশ দিয়ে চলতে হওয়ায় দীর্ঘ যানজটও সৃষ্টি হচ্ছে। ট্রাকচালক সাহাজান বলেন, “বৃষ্টির সময় গর্তগুলো দেখা যায় না। গর্ত এড়াতে গিয়ে প্রায়ই বিপরীত লেনে যেতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ধীরগতিতে চলতে হওয়ায় সময়ও নষ্ট হচ্ছে। পাশাপাশি যানবাহনের যন্ত্রাংশ দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জ্বালানি খরচও বেড়ে যাচ্ছে।”
অটোচালক মোসলেম মিয়া বলেন, স্কুলগামী বাচ্চাদের নিয়ে এই সড়কে অটোরিক্সা নিয়ে কঠিন ঝুকি নিয়ে চলতে হয় “ছোট যানবাহনের জন্য এই সড়ক এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ। প্রায় প্রতিদিনই দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। মাঝে মধ্যে গর্তে নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে সংস্কার করা হলেও কয়েক দিনের মধ্যেই তা আবার আগের অবস্থায় ফিরে আসে। এলাকাবাসী স্থানীয় মাননীয় সংসদ সদস্যের সু-দৃষ্টি দিয়ে সড়ক বিভাগের মাধ্যমে দ্রুত সংস্কারে আহ্বান জানিয়েছে। ”
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com