এ কে এম মোহাম্মদ আলী | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৭ বার পঠিত | পড়ুন মিনিটে
৫ আগষ্টের পরে এই প্রথম কিশোরগঞ্জের হোসেনপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের উদ্যোগে ঝটিকা মিছিল বের করে দলটির নেতা কর্মীরা। এতে ক্ষমতাসীন দলের সাথে সংঘর্ষের আশংকায় জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
জানা যায়,শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার পৌর সদরের ফলপট্টি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মিষ্টিপট্টি চৌরাস্তা এসে শেষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান,হোসেনপুর উপজেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত মিছিলে যুবলীগ ও সহযোগী সংগঠনের অন্তত অর্ধশত নেতাকর্মী এ ঝটিকা মিছিলে অংশ নিয়েছে । মিছিলের সময় তাঁদের হাতে দলীয় পতাকা, ব্যানার ও বৈঠা ছিল। এ সময় তাঁরা শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেয়। মিছিলের এ তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে অজানা উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে । এ মিছিলের নেতৃত্বে ছিলেন,হোসেনপুর উপজেলা যুবলীগের নেতা মোঃ আলমগীর হোসেন টুটুল। সে হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি । মোঃ তাইজউদ্দিন তাজ সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা শ্রমিক লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক। সূত্রমতে, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। দলটির সহযোগী ও অঙ্গসংগঠনগুলোর কার্যক্রমও নিষিদ্ধ রয়েছে । দলের প্রধান শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় রয়েছে । এ উপলক্ষে গত ১৩ নভেম্বর আওয়ামী লীগ ফেসবুকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে । এসব কর্মসূচির মধ্যে ১৯ নভেম্বর ‘লকডাউন’ কর্মসূচি রয়েছে। এবছর ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথা থাকলেও স্থানীয়দের ধারণা, হোসেনপুরের এই মিছিল ঘোষিত কর্মসূচিগুলোর প্রস্তুতির অংশ হতে পারে। তবে মিছিলটি চলাকালে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য উপস্থিত ছিলেন না। সরকারী কতৃক নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্য তৎপরতার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি না থাকার বিষয়টি নিয়ে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ব্যাপারে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল জানান, আগামী ১৯ নভেম্বরের কর্মসূচির আগে হোসেনপুর উপজেলায় গোয়েন্দা নজরদারি বাড়ানো,পুলিশি টহল জোরদার এবং সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ একান্তই জরুরি। তিনি মিছিলে অংশগ্রহণকারী ও নেতৃত্বদানকারীদের শনাক্ত করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি জানান । এ ব্যাপারে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার কাজ চলমান রয়েছে ৷ উপজেলা সদর সহ গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশী নজরদারি বাড়ানো হয়েছে ৷
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com